রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আমি কখনো বলিনি নাটক করব না .তানজিন তিশা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৫, ২০২৫, ০৫:৩৮ পিএম

আমি কখনো বলিনি নাটক করব না .তানজিন তিশা

দীর্ঘ নীরবতা ভেঙে আবারও ফিরেছেন ছোট পর্দার আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। একসময় নিয়মিত অভিনয়ের মাধ্যমে দর্শক মাতালেও এই তারকা হঠাৎ করেই আলোচনার আড়ালে চলে গিয়েছিলেন। তবে এবার ফিরে এসে তিনি আরও উজ্জ্বল হয়েছেন এবং সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নিজের ক্যারিয়ার, নতুন কাজ এবং দীর্ঘ বিরতির রহস্য নিয়ে খোলামেলা আলোচনা করেছেন।

সংবাদ সম্মেলনে নিজের কাজ করার মাধ্যম নিয়ে তিনি সৃষ্ট জল্পনার অবসান ঘটান। তিশা বলেন, ‘আমি কখনো বলিনি নাটক করব না, আবার এটাও বলিনি যে শুধু ওটিটিতেই কাজ করব। আমি একজন অভিনেত্রী— আমার কাছে গল্পটা ভালো লাগলেই আমি কাজ করব। সেটা টেলিভিশন, ওটিটি এমনকি মঞ্চ— যেখানেই হোক না কেন।’ তিনি জানান, তিনি আগে কখনো মঞ্চে কাজ না করলেও ভালো গল্প পেলে ভবিষ্যতে সেই মাধ্যমেও কাজ করার ইচ্ছা রাখেন।

অভিনয় থেকে তার দীর্ঘ বিরতির কারণ সম্পর্কে ব্যাখ্যা করে তানজিন তিশা বলেন, ‘একটি বড় ও গুরুত্বপূর্ণ প্রজেক্টের জন্যই আমি কিছুদিন কাজ থেকে দূরে ছিলাম। আমার মনে হয়েছে, ক্যারিয়ারের এই পর্যায়ে এসে এই বিরতিটা নেওয়া দরকার ছিল। এটা ছিল আমার সচেতন সিদ্ধান্ত’। এই বিরতির ফলে নিজেকে নতুন কাজের জন্য প্রস্তুত করার সুযোগ পেয়েছেন বলেও তিনি মন্তব্য করেন।

নতুন কাজের বিষয়ে অভিনেত্রী আরও বলেন, তিনি একটি বড় ও ভালো কাজ করতে চলেছেন। তবে এখনই বিস্তারিত কিছু জানাতে চাননি। তিনি জানান, ‘আমি আমার টিম ছাড়া কোনো তথ্য প্রকাশ করছি না। তবে আমি অনেক এক্সাইটেড। সবাই আমার জন্য দোয়া করবেন।

উল্লেখ্য, কিছুদিন ধরেই শাকিব খান ও তানজিন তিশার জুটিবদ্ধ হওয়ার গুঞ্জন চলছিল। অবশেষে সেই গুঞ্জন বাস্তবে রূপ নিয়েছে। জানা যায়, শাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ সিনেমার মাধ্যমে প্রথমবার একসঙ্গে কাজ করছেন এই দুই তারকা। ইতোমধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে এবং মুক্তির আগেই এটি ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।