রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

প্রতারণা মামলায় জড়ালেন অভিনেত্রী তানজিন তিশা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৫, ২০২৫, ০৭:৫১ পিএম

প্রতারণা মামলায় জড়ালেন অভিনেত্রী তানজিন তিশা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। ‘এ্যাপোনিয়ার ফ্যাশন’ নামের একটি অনলাইন ফ্যাশন পেজের এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম বুধবার (৫ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা করেন। এর আগে গত ২২ অক্টোবর নারী উদ্যোক্তা ঝিলিকের পক্ষ থেকে তিশাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছিল।

সিআর মামলা নম্বর ৯৬২/২০২৫ এ দণ্ডবিধির ৪২০ (প্রতারণা) ও ৪০৬ (বিশ্বাসভঙ্গ) ধারায় তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। মামলায় আসামির প্রতি গ্রেপ্তারি পরোয়ানার আদেশ চাওয়া হলে ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত তিশার বিরুদ্ধে মামলাটি আমলে নেন এবং বাংলাদেশ পুলিশের গোয়েন্দা সংস্থাকে (ডিবি) তদন্তের নির্দেশ দেন।এই মামলা বিষয়ে বাদী পক্ষের আইনজীবী ও বাংলাদেশের সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার গণমাধ্যমকে বলেন,

‘তানজিন তিশার মতো একজন তারকা নারী উদ্যোক্তার সঙ্গে যে ধরনের প্রতারণা করেছেন তা কাম্য নয়। উনি চাইলেই বিষয়টি সমাধান করতে পারতেন, কিন্তু সেটা না করে তার ভেরিফায়েড ফেসবুকে মানহানিকর স্ট্যাটাস দিয়ে সামাজিকভাবে হেয় করেছেন।’তিনি আরও বলেন, যেখানে একজন নারী উদ্যোক্তাকে তার পৃষ্ঠপোষকতা করার কথা ছিল, সেখানে তিনি প্রতারণা করেছেন। এজন্য তাকে আইনি নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু নোটিশের কোনো জবাব তিনি দেননি। তাই তার মক্কেল তিশার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন।

জানা যায়, ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি ‘এ্যাপোনিয়া’ পেজ থেকে নিয়েছিলেন তিশা। শর্ত ছিল, শাড়িটির টাকা না দিয়ে তিনি তার ফেসবুক পেজে প্রতিষ্ঠানটির প্রমোশন করবেন। কিন্তু তিনি সেই প্রমোশন করেননি, এমনকি শাড়ির দামও পরিশোধ করেননি। একপর্যায়ে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন বলে অভিযোগ ওঠে। নারী উদ্যোক্তা ঝিলিকের সঙ্গে তিশার ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং ভয়েস মেসেজের কথোপকথন পর্যালোচনা করে প্রতারণার সত্যতা পাওয়ায় তুমুল সমালোচনার মুখে পড়েন তিশা।

পরে তিশা তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে দাবি করেন, ওই শাড়িটি নাকি নারী উদ্যোক্তা তাকে উপহার দিয়েছিলেন। আইনি নোটিসে এক সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচারের জন্য ক্ষমা চাইতে বলা হলেও তিনি কোনো সমাধানে না গিয়ে উল্টো বলেন, ‘গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক।’ মূলত সেই সূত্র ধরেই এবার আইনি জটিলতায় জড়ালেন অভিনেত্রী।

বর্তমানে তিশা শাকিব খানের সঙ্গে ‘সোলজার’ সিনেমার অভিনয় নিয়ে ব্যস্ত। এই ছবি মুক্তির মাধ্যমে তার সিনেমার খাতায় নাম লেখানোর কথা থাকলেও, তার আগেই তিনি আইনি জটিলতায় নাম লেখালেন।