অক্টোবর ২১, ২০২৫, ০৯:১৩ পিএম
দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীদের গণতন্ত্র চর্চা, নেতৃত্ব বিকাশ ও অধিকার আদায়ের সুযোগ থেকে বঞ্চিত হওয়ার যে সংস্কৃতি তৈরি হয়েছিল, তার বিরুদ্ধে এবার সোচ্চার হয়েছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ‘স্বেচ্ছাচারী’ মনোভাবের প্রতিবাদে এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন তারা।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এই কর্মসূচির ঘোষণা দেন।সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, “ফ্যাসিবাদী আমলে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। এর ফলে প্রশাসনের স্বেচ্ছাচার বেড়েছে, শিক্ষার্থীদের সমস্যাগুলো উপেক্ষিত হয়েছে এবং ছাত্ররাজনীতি দখলদারিত্বমূলক হয়ে উঠেছে।”
তারা জানান, গত ১৯ অক্টোবর তারা একটি মানববন্ধনের মাধ্যমে শাকসু নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও প্রশাসন এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি।
এই প্রেক্ষাপটেই আজ দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শুরু করার ঘোষণা দেন শিক্ষার্থীরা। তাদের এই দাবিতে একাত্মতা পোষণ করেছে ক্যাম্পাসের বিভিন্ন রাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন একাধিকবার মৌখিক আশ্বাস দিলেও, তা বাস্তবায়নে কোনো উদ্যোগ না নেওয়ায় তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন