নভেম্বর ১৫, ২০২৫, ০৬:১৫ পিএম
সারা দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এই তথ্যের ভিত্তিতে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৩৩১ জনে এবং মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৮৩ হাজার ৮৫৮ জনে দাঁড়িয়েছে।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই ভয়াবহ পরিস্থিতি তুলে ধরা হয়।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে যে পাঁচজনের মৃত্যু হয়েছে, তাদের সবাই ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার বাসিন্দা।
নতুন আক্রান্ত ৭৯২ জনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৩০ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২১ জন রয়েছেন। ঢাকা বিভাগ থেকে ১০৮ জন, বরিশাল বিভাগে ১২৫ জন এবং চট্টগ্রাম বিভাগে ১৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ১৫ জন, ময়মনসিংহ বিভাগে ৬০ জন ও সিলেট বিভাগে দুজন রোগী ভর্তি হয়েছেন।এই সময়ের মধ্যে ৭৮৩ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত আক্রান্ত রোগীদের মধ্যে মোট ৮০ হাজার ২৪৩ জন ছাড়পত্র পেয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
ডেঙ্গু সংক্রমণের পূর্ববর্তী তথ্য অনুযায়ী, ২০২২ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং এই রোগে মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। তবে এর আগের বছর অর্থাৎ ২০২৩ সালে ডেঙ্গুতে মারা যান সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জন এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে মশা নিধনের ওপর গুরুত্বারোপ করেছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন