রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৪ শতাধিক রোগী

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২১, ২০২৫, ০৫:২০ পিএম

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৪ শতাধিক রোগী

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু পরিস্থিতি এখনো উদ্বেগের কারণ হয়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে, এই সময়ের মধ্যে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

শুক্রবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডেঙ্গু পরিস্থিতির এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে নতুন করে ভর্তি হয়েছেন ১২৯ জন ডেঙ্গু রোগী।

ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি হওয়া রোগীর সংখ্যাও উল্লেখযোগ্য। এই সময়ে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৩ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৩ জন, ময়মনসিংহ বিভাগে ৩১ জন ও খুলনা বিভাগে ২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই বছরে এখন পর্যন্ত মোট ৩৫৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৫৪ জন পুরুষ ও ১৬৯ জন নারী। এছাড়া, চলতি বছর শুরু থেকে এখন পর্যন্ত এই রোগটিতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৮৩ হাজার ৬৬ জন রোগী ভর্তি হয়েছেন। যদিও ২৪ ঘণ্টায় মৃত্যুশূন্য থাকাটা কিছুটা স্বস্তিদায়ক, তবে প্রতিদিন চার শতাধিক নতুন রোগীর হাসপাতালে ভর্তি হওয়া প্রমাণ করে যে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে আনতে মশা নিধন কার্যক্রমে আরও বেশি জোর দেওয়া প্রয়োজন।