রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শীতকালে পেটে গ্যাস ও পেট ফাঁপা: যেসব সবজি এড়িয়ে চলবেন

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৫, ০২:৫৫ পিএম

শীতকালে পেটে গ্যাস ও পেট ফাঁপা: যেসব সবজি এড়িয়ে চলবেন

শীতকাল এলে বাজার ভরে যায় বাঁধাকপি, ফুলকপি, ব্রকোলি, মুলা ও সর্ষে শাকের মতো হরেক রকম সবজিতে। এগুলো খেতে সুস্বাদু হলেও অনেকেরই অভিযোগ—এই সবজি খাওয়ার পরেই পেট ভার, অতিরিক্ত গ্যাস, পেট ফাঁপা বা বদহজমের মতো সমস্যা দেখা দেয়।

তেল-মসলা কম খাওয়া সত্ত্বেও এই সমস্যা হওয়ার পেছনে রয়েছে বৈজ্ঞানিক কারণ।আসলে, এই সমস্যাগুলোর মূলে রয়েছে ক্রুসিফেরাস সবজি নামের একটি নির্দিষ্ট শ্রেণি।

 যার অন্তর্ভুক্ত হলো বাঁধাকপি, ফুলকপি, মুলা, ব্রকোলি ও ব্রাসেলস স্প্রাউটস। এই সবজিগুলো হজমে একটু ভারী হওয়ার কারণেই পেটে গ্যাস জমে অস্বস্তি সৃষ্টি করে।ক্রুসিফেরাস সবজিগুলো স্বাস্থ্যকর হলেও, দুটি কারণে এগুলো গ্যাস তৈরি করে:

১. বেশি ফাইবার: এই সবজিগুলোতে প্রচুর ফাইবার থাকে, যা শরীরের জন্য ভালো। কিন্তু যাদের ইরিটেবল বাওয়েল সিনড্রোম (IBS), গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা আছে, তাদের জন্য এই ফাইবার হজম করা কঠিন হয়ে পড়ে। ফাইবার বেশি হলে খাবার হজম হতে বেশি সময় নেয়, আর এর ফলেই পেট ফাঁপা ও ভারী বোধ হয়।

২. কমপ্লেক্স কার্বোহাইড্রেট (রাফিনোজ): এই সবজিগুলোর মধ্যে রাফিনোজ নামক এক ধরনের কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকে। রাফিনোজ সহজে অন্ত্রে ভাঙে না। এটি হজম না হয়ে সরাসরি কোলনে পৌঁছায়, যেখানে ব্যাকটেরিয়া একে ভাঙতে গিয়ে প্রচুর পরিমাণে গ্যাস তৈরি করে। এর ফলস্বরূপ পেট ফাঁপা, ঢেঁকুর ওঠা এবং বদহজমের সমস্যা হয়।

অনেকে বাঁধাকপি বা ব্রকোলি আধা সিদ্ধ বা কাঁচা খেয়ে থাকেন, যা সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে। গ্যাস এড়াতে সবজিগুলো সঠিকভাবে রান্না করা জরুরি:

ভালো করে সিদ্ধ/রান্না: সবজিগুলো ভালো করে সিদ্ধ বা রান্না করে খান। আধভাজা, অল্প সিদ্ধ বা কাঁচা খাওয়া অভ্যাস এড়িয়ে চলুন।

পরিমাণ নিয়ন্ত্রণ: IBS বা গ্যাসে যারা ভোগেন, তারা এই সবজিগুলো অল্প পরিমাণে খাবেন।

মসলার ব্যবহার: রান্নার সময় হিং, আদা, জিরা বা গোলমরিচ ব্যবহার করলে গ্যাসের সমস্যা অনেকটাই কমে আসে।

ভিজিয়ে রাখা: ফুলকপি বা বাঁধাকপি ভালো করে ধুয়ে নুন ও হলুদ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে হজম প্রক্রিয়া আরও সহজ হয়।

অতিরিক্ত পরামর্শ: একসঙ্গে বেশি পরিমাণে সবজি না খেয়ে ধীরে ধীরে খাওয়ার অভ্যাস করুন এবং খাবারের সঙ্গে পর্যাপ্ত পানি পান করুন। যদি আগে থেকেই পেটের সমস্যা থাকে, তবে কোন সবজি মানায় আর কোনটা মানায় না, সে বিষয়ে কিছুদিন পর্যবেক্ষণ করা বুদ্ধিমানের কাজ হবে।