নভেম্বর ২৬, ২০২৫, ০৬:০২ পিএম
এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে ৩৭০ জনে দাঁড়াল। এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে আরো ৬১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা যাওয়া ৩ জনের মধ্যে দুইজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাসিন্দা।
পাশাপাশি এই সময়ে খুলনা বিভাগে একজন মারা গেছেন।অন্যদিকে, গত একদিনে ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (১২৮ জন) হাসপাতালে ভর্তি হয়েছেন।
অন্যান্য এলাকার ভর্তি রোগীর সংখ্যা নিম্নরূপ:
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি): ১২৬ জন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি): ১০৩ জন
চট্টগ্রাম বিভাগে: ৮৫ জন
বরিশাল বিভাগে: ৭৭ জন
খুলনা বিভাগে: ৩৭ জন
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর (১ জানুয়ারি থেকে বুধবার পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৯২ হাজার ২১৭ জন। এ বছর সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে (২০ হাজার ৩৮৩ জন)।
অন্যদিকে, ডেঙ্গুতে মোট ৩৭০ জনের মৃত্যুর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (১৬৯ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬২ জন ছাড়াও বরিশাল বিভাগে ৪৭ জন এবং চট্টগ্রাম বিভাগে ২৯ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন