রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সবার থেকে আপনার শীত বেশি লাগছে? জেনে নিন এর কারণ কী

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৬, ২০২৫, ১০:০৯ এএম

সবার থেকে আপনার শীত বেশি লাগছে? জেনে নিন এর কারণ কী

প্রকৃতিতে শীত নেমে আসার সঙ্গে সঙ্গে সারাদেশে মানুষ গরম পোশাক পরিধান করছে। কিন্তু একই আবহাওয়ায় যেখানে কেউ হালকা সোয়েটারেই আরাম বোধ করছে, সেখানে অনেকেই ঠান্ডা সহ্য করতে না পেরে বেশি কষ্ট পাচ্ছে। আপনিও যদি এমন পরিস্থিতিতে পড়েন এবং চারপাশের সবাই স্বাভাবিক থাকলেও আপনি শীতে কাঁপতে থাকেন।

তবে এর কারণ শুধু শীতের তীব্রতা নয়; আপনার শরীরে জরুরি কিছু ভিটামিনের ঘাটতি থাকতে পারে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম এই সময়ের অনলাইনের এক প্রতিবেদনে এই বিষয়ে বিস্তারিত তথ্য উঠে আসে।

আসলে আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা প্রায় ৯৮.৬ ডিগ্রি ফারেনহাইট। এই তাপমাত্রা স্থির রাখতে শরীরের বিভিন্ন গ্রন্থি, মস্তিষ্ক ও রক্ত সঞ্চালন ব্যবস্থা একসঙ্গে কাজ করে।

এই প্রাকৃতিক নিয়ন্ত্রণ ব্যবস্থাকেই বলা হয় শরীরের থার্মোরেগুলেশন। যখন এই ব্যবস্থায় কোনো ঘাটতি দেখা দেয়, তখনই শীত বেশি অনুভূত হতে পারে।প্রথমত, ভিটামিন বি১২-এর ঘাটতি শরীরে লোহিত রক্তকণিকা তৈরি ও মস্তিষ্কের কার্যকারিতা স্বাভাবিক রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিটামিনের ঘাটতি হলে অ্যানিমিয়া দেখা দিতে পারে, ফলে রক্তের মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায় না। এর ফলেই বেশি ঠান্ডা লাগে, বিশেষ করে হাত-পায়ের তাপমাত্রা দ্রুত কমে যায়। এই ঘাটতি পূরণের জন্য খাদ্যতালিকায় মাছ, ডিম, মাংস ও দুগ্ধজাত খাবার বেশি করে রাখা জরুরি।

দ্বিতীয়ত, ভিটামিন বি৯ বা ফোলেটও রক্ত তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শরীরে এই ভিটামিনের ঘাটতি দেখা দিলে শীতের প্রতি অতিরিক্ত সংবেদনশীলতা দেখা দেয় এবং সহজেই ক্লান্তি ভর করে। দেহে ফোলেটের অভাব পূরণের জন্য সবুজ শাকসবজি, বিভিন্ন ধরনের বিনস এবং লেবুজাতীয় খাবার যুক্ত করলে ধীরে ধীরে ঘাটতি কমবে এবং ঠান্ডা সহ্যক্ষমতাও বাড়বে।

তৃতীয়ত, আয়রনের ঘাটতি হলে রক্তাল্পতা দেখা দেয়, যা প্রায় সবারই জানা। এতে শরীরের বিভিন্ন অংশে রক্তের মাধ্যমে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছাতে পারে না, ফলে স্বাভাবিকের চেয়ে বেশি ঠান্ডা অনুভূত হয়। তাই দৈনন্দিন খাদ্যতালিকায় আয়রনসমৃদ্ধ ডাল, সবুজ শাকসবজি ও বিভিন্ন ড্রাই ফ্রুট রাখা জরুরি।

চতুর্থত, ভিটামিন সি শরীরে আয়রন শোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মানে হলো, ভিটামিন সি-এর ঘাটতি থাকলে আয়রনসমৃদ্ধ খাবার খেয়েও শরীর সেভাবে উপকার পায় না। তাই আয়রনের পাশাপাশি খাদ্যতালিকায় লেবু, পেয়ারা, আপেলের মতো ভিটামিন সি-সমৃদ্ধ ফল রাখা জরুরি। এতে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং রক্তাল্পতার সমস্যা নিয়ন্ত্রণে থাকবে। এই চারটি ভিটামিনের ভারসাম্য বজায় থাকলে অতিরিক্ত শীত লাগার সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।