জুলাই ৮, ২০২৬, ০৮:৩৭ পিএম
দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুজ্বর নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫১ জন নতুন রোগী। বুধবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।নতুন করে তিনজনের মৃত্যুর পর চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২২ জনে। এর মধ্যে ১১ জন পুরুষ এবং ১১ জন নারী রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী আক্রান্ত হয়েছেন ঢাকা বিভাগে, যেখানে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭৬ জন। এ ছাড়া বরিশাল বিভাগে ৬৬ জন, খুলনা বিভাগে ৪০ জন এবং চট্টগ্রাম বিভাগে ৩৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্য বিভাগগুলোর মধ্যে ময়মনসিংহে ১৫ জন, রাজশাহীতে ১২ জন, রংপুরে ২ জন এবং সিলেট বিভাগে ২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৭ হাজার ৫৫৭ জন চিকিৎসা নিয়েছেন।জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুম চলমান থাকায় ডেঙ্গুর প্রকোপ সামনে আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা, বাসাবাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জ্বর দেখা দিলে দ্রুত ডেঙ্গু পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন তারা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন