রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সিগারেট খাওয়ার মাত্র ১০ সেকেন্ডের মধ্যে মস্তিষ্কে যা ঘটে

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১২, ২০২৬, ১১:৩৭ পিএম

সিগারেট খাওয়ার মাত্র ১০ সেকেন্ডের মধ্যে মস্তিষ্কে যা ঘটে

Ai - ছবি

সিগারেট সেবনের ফলে ফুসফুসের মারাত্মক ক্ষতির কথা সবার জানা থাকলেও মস্তিষ্কের ওপর এর তাৎক্ষণিক প্রভাব সম্পর্কে অনেকেরই স্পষ্ট ধারণা নেই। সম্প্রতি অ্যানিমেটেড বায়োমেডিকেল নামক একটি প্ল্যাটফর্ম সিগারেটে উপস্থিত নিকোটিনের ক্ষতিকর প্রভাব নিয়ে একটি বিশেষ অ্যানিমেশন ভিডিও প্রকাশ করেছে। ওই ভিডিওটিতে ফুসফুসের পাশাপাশি মস্তিষ্কের কার্যকারিতায় নিকোটিনের দ্রুত প্রতিক্রিয়া এবং এর ভয়াবহ আসক্তি তৈরির প্রক্রিয়া তুলে ধরা হয়েছে।

সিগারেট মুখে নেওয়ার মাত্র দশ সেকেন্ডের মধ্যে এর ভেতরের নিকোটিন সরাসরি মস্তিষ্কে পৌঁছে যায়।ভিডিওর তথ্যানুযায়ী, নিকোটিন মস্তিষ্কে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ধূমপায়ী তাৎক্ষণিকভাবে ভালো লাগার অনুভূতি পান। সময়ের সঙ্গে সঙ্গে মস্তিষ্ক এই কৃত্রিম অনুভূতির ওপর সম্পূর্ণ অভ্যস্ত হয়ে পড়ে, যার ফলে নিকোটিন ছাড়া চলা অসম্ভব হয়ে দাঁড়ায় এবং আসক্তি তৈরি হয়। 

এই আসক্তির দ্রুততা এবং শারীরিক নির্ভরশীলতার কারণে পরবর্তীতে কারও পক্ষে ধূমপান ত্যাগ করা অত্যন্ত কঠিন হয়ে ওঠে। যখন কেউ সিগারেট ছাড়ার চেষ্টা করেন, তখন বিষণ্নতা, তীব্র বিরক্তি এবং নিকোটিনের জন্য আকুলতার মতো অস্বস্তিকর লক্ষণ দেখা দেয়।এই তীব্র উপসর্গগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আসক্ত ব্যক্তি বাধ্য হয়ে পুনরায় সিগারেট হাতে তুলে নেন।ধূমপানের দীর্ঘমেয়াদী প্রভাব কেবল ফুসফুস ও হৃদপিণ্ডে সীমাবদ্ধ থাকে না, বরং এটি ধীরে ধীরে মস্তিষ্কের কার্যক্ষমতাও কমিয়ে দেয়। 

এর ফলে স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়া এবং অল্প বয়সে ভুলে যাওয়ার মতো সমস্যা প্রকট হতে পারে। এছাড়া ব্রেন স্ট্রোকের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয় ধূমপান, যদিও চিকিৎসকদের মতে সিগারেট ছেড়ে দেওয়ার পাঁচ বছরের মধ্যে এই স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমে যায়। সিগারেটের রাসায়নিক উপাদানগুলো দেহে ক্যানসারের মতো মারাত্মক রোগ সৃষ্টির জন্যও দায়ী।স্বাস্থ্য বিজ্ঞানীরা তাই যেকোনো মূল্যে ধূমপান থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে আসছেন।