বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

সারাদেশে শুরু হচ্ছে বড় কলেরা টিকাদান কর্মসূচি

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২০, ২০২৬, ১২:৩৪ পিএম

সারাদেশে শুরু হচ্ছে বড় কলেরা টিকাদান কর্মসূচি

ছবি : সংগৃহীত

কলেরা প্রতিরোধে সারাদেশে শুরু হতে যাচ্ছে ব্যাপকভিত্তিক প্রতিরোধমূলক মুখে খাওয়ার কলেরা টিকাদান ক্যাম্পেইন। আগামী ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ডোজ এবং ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দ্বিতীয় ডোজ টিকা প্রদান কার্যক্রম পরিচালিত হবে। বৃহস্পতিবার সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ঝুঁকিপূর্ণ এলাকার সাধারণ মানুষকে সুরক্ষা দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।এই স্বাস্থ্য কর্মসূচির আওতায় দেশের ঝুঁকিপূর্ণ মোট চৌদ্দটি উপজেলা ও থানায় টিকা দেওয়া হবে। গর্ভবতী নারী ব্যতীত এক বছর বা তার বেশি বয়সী সব নাগরিক প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিনামূল্যে এই টিকা গ্রহণ করতে পারবেন। সারাদেশে মোট ৫১ লাখ ৭৫ হাজার মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সম্পূর্ণ শারীরিক সুরক্ষার জন্য চৌদ্দ দিনের ব্যবধানে দুটি ডোজ গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন লালবাগ, গেন্ডারিয়া, কদমতলী ও কামরাঙ্গীরচর থানার ১৭টি ওয়ার্ডের ১৯২টি নির্ধারিত কেন্দ্রে প্রায় ১১ লাখ ৭০ হাজার নাগরিককে টিকা দেওয়া হবে। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের শেরেবাংলা নগর, খিলক্ষেত ও তেজগাঁও এলাকা এবং মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সুনির্দিষ্ট ঝুঁকিপূর্ণ স্থানগুলোতেও একযোগে এই কর্মসূচি চলবে।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, অতীতে কলেরার প্রাদুর্ভাবে বহু মানুষের ক্ষতি হলেও বর্তমানে এই রোগ অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। তবে সাম্প্রতিক সংক্রমণ প্রবণতা বিবেচনায় নিয়ে আগাম সতর্কতা হিসেবে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর পাশাপাশি বিশুদ্ধ পানি পান ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।অনুষ্ঠানে নগর প্রশাসন, স্বাস্থ্যসেবা বিভাগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গবেষকরা উপস্থিত ছিলেন।