নভেম্বর ৭, ২০২৫, ০৪:৪৪ পিএম
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪৮৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে স্বস্তির খবর হলো, এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর ঘটনা ঘটেনি।শুক্রবার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে রয়েছেন ১৮৯ জন, যা অন্যান্য এলাকার তুলনায় সর্বোচ্চ। এছাড়া অন্যান্য এলাকার মধ্যে—ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৮৪ জন, চট্টগ্রাম বিভাগে ৬৬ জন, বরিশাল বিভাগে ৫৮ জন, ময়মনসিংহ বিভাগে ৪৬ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ৫৭৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে এ পর্যন্ত মোট ৭২ হাজার ৯৬৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।চলতি বছরের ৭ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ হাজার ৫১৪ জনে। আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক তিন শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক সাত শতাংশ নারী রয়েছেন। এই সময়ে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ৩০৭ জন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন