রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১১, ২০২৫, ০৮:৩০ পিএম

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

বিশ্ববাজারে আবারও বড় ধরনের উত্থান দেখা গেছে স্বর্ণের দামে। যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী সরকারি অচলাবস্থা বা শাটডাউন এবং দেশটির অর্থনীতিতে ধীরগতির কারণে ডলারের মান কমে যাওয়ায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বেড়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে,

সোমবার স্পট গোল্ডের দাম ০.৬ শতাংশ বেড়ে প্রতি আউন্সে দাঁড়িয়েছে ৪,১৪০.৬০ ডলার, যা গত ২৩ অক্টোবরের পর সর্বোচ্চ। দিনের একপর্যায়ে এই দাম ৪,১৪৮.৭৫ ডলার পর্যন্ত উঠেছিল।

বিশ্লেষকরা বলছেন, আগামী মাসে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার কমাতে পারে—এমন সম্ভাবনাই স্বর্ণের দাম বৃদ্ধিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ব্যবসায়ীরা মনে করছেন, ডিসেম্বরে সুদের হার এক-চতুর্থাংশ পয়েন্ট কমানোর সম্ভাবনা প্রায় ৬৪ শতাংশ। সাধারণত স্বর্ণ কোনো সুদ বা মুনাফা দেয় না, তবে কম সুদের পরিবেশে ডলার দুর্বল হলে স্বর্ণের মতো নিরাপদ সম্পদের কদর বাড়ে।স্যাক্সো ব্যাংকের পণ্য কৌশল বিভাগের প্রধান ওলে হ্যানসেন বলেন, সরকারের কার্যক্রম পুনরায় শুরু হলে নতুন অর্থনৈতিক তথ্য পাওয়া যাবে, যা ফেডারেল রিজার্ভকে সুদের হার কমাতে আরও উৎসাহিত করতে পারে। এছাড়া সরকারি কার্যক্রম শুরু হলে অতিরিক্ত ঋণ নেওয়ার প্রবণতা বাড়বে, যা স্বর্ণের দামের পক্ষে অনুকূল।

অন্যদিকে, গত সপ্তাহে প্রকাশিত তথ্যে দেখা গেছে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান কমেছে এবং নভেম্বরের শুরুতে ভোক্তা আস্থাও সাড়ে তিন বছরের মধ্যে সর্বনিম্নে নেমেছে। জুলিয়াস বেয়ার-এর বিশ্লেষক কারস্টেন মেঙ্কে জানিয়েছেন, স্বর্ণ ও রূপার বাজারের মৌলিক পরিস্থিতি বর্তমানে বিনিয়োগকারীদের অনুকূলে রয়েছে এবং অনেকেই ‘ফিয়ার অফ মিসিং আউট’ বা সুযোগ হাতছাড়া হওয়ার ভয়ে স্বর্ণে বিনিয়োগ করছেন।

শুধু স্বর্ণ নয়, এদিন অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। রূপার দাম ১.৩% বেড়ে প্রতি আউন্স ৫১.২০ ডলার এবং প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বিনিয়োগকারীরা বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তার মধ্যে এখনো স্বর্ণকেই সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল মনে করছেন।