নভেম্বর ১২, ২০২৫, ১০:২৩ এএম
মার্কিন মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞ থামছে না। গত ২৪ ঘন্টায় সেখানে ইসরাইলি হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে।
গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি বাহিনী এ পর্যন্ত কমপক্ষে ২৪৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে।গাজার সরকারি মিডিয়া অফিসের পরিসংখ্যান অনুযায়ী, ১০ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত—এই এক মাসে ইসরাইল অন্তত ২৮২ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।
মঙ্গলবার গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, তারা ৩৫ জন অজ্ঞাত ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করে আল-শিফা হাসপাতালে স্থানান্তর করেছে।
সেখানে বর্তমানে তাদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।গত দুই বছরে গাজায় ইসরাইলি হামলায় নিহতের মোট সংখ্যা ৬৯ হাজার ছাড়িয়ে গেছে। এছাড়া আহত হয়েছেন এক লাখ ৭০ হাজার ৬৯৪ জন। ধারণা করা হচ্ছে, দীর্ঘ এই হামলার পর গাজায় এখনো হাজার হাজার নিখোঁজ মানুষের মরদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।
গাজা থেকে সাংবাদিক তারেক আবু আযম জানান, নিখোঁজ স্বজনদের খুঁজে পেতে গাজার পরিবারগুলো নাসের হাসপাতাল এবং মর্গে ভিড় করছেন। তারা ব্যক্তিগত জিনিসপত্র, শরীরের ক্ষত বা পোশাক দেখে প্রিয়জনকে শনাক্ত করার চেষ্টা করছেন। তবে ফরেনসিক বিশেষজ্ঞরা মরদেহ সংরক্ষণ এবং ডিএনএ পরীক্ষার সরঞ্জামের অভাবে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন, যার ফলে বহু পরিবার তাদের স্বজনদের পরিণতি নিয়ে গভীর অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন