জানুয়ারি ১, ২০২৬, ০৫:২১ পিএম
পাকিস্তান ও চীনের পররাষ্ট্রমন্ত্রীদের সপ্তম দফা কৌশলগত সংলাপে অংশ নিতে বেইজিং সফরে যাচ্ছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর আমন্ত্রণে তিনি এই সফর করছেন। বুধবার (৩১ ডিসেম্বর) পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর (এফও) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সফরের সুনির্দিষ্ট তারিখ উল্লেখ না করে ‘আগামী ৪ জানুয়ারি’র কথা বললেও, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসহাক দার ২০২৬ সালের ৩ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি পর্যন্ত বেইজিং সফর করবেন।
এই সংলাপকে পাকিস্তান ও চীনের মধ্যে ‘সর্বোচ্চ পরামর্শমূলক কাঠামো’ হিসেবে অভিহিত করা হয়েছে। এটি দ্বিপাক্ষিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলো পর্যালোচনার জন্য একটি সুসংগঠিত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
দুই দেশ যখন কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই মুহূর্তে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই সফর দুই দেশের নিয়মিত উচ্চস্তরের আদান-প্রদানের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি দুই দেশের অখণ্ড কৌশলগত অংশীদারিত্বকে সম্প্রসারিত ও গভীর করার প্রতিশ্রুতি প্রতিফলিত করে।
উল্লেখ্য, কৌশলগত সংলাপের ষষ্ঠ রাউন্ড গত আগস্টে ইসলামাবাদে অনুষ্ঠিত হয়েছিল। সে সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তান সফর করেন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন। তখন চীন পাকিস্তানের সঙ্গে আঞ্চলিক শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতা রক্ষায় কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছিল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন