মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬,

শহীদ আবু সাইদের কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ২৯, ২০২৬, ১২:২৫ পিএম

শহীদ আবু সাইদের কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী

জুলাই আন্দোলনের বীর শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া গ্রামে উপস্থিত হয়ে তিনি শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন। পরে তিনি শহীদ আবু সাইদের বাবা মোঃ মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম ও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং বর্তমান সরকার শহীদ পরিবারের পাশে সবসময় থাকবে বলে দৃঢ় আশ্বাস দেন।

কবর জিয়ারত শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন প্রতিমন্ত্রী। শহীদ আবু সাইদের বাবা-মাকে পাশে বসিয়ে তিনি বলেন, রংপুর বীর সন্তানের জেলা এবং এই জেলাকে নিয়ে সমগ্র দেশ গর্ব করে। শহীদ আবু সাইদ শুধু ইতিহাস নন, তিনি অনন্ত অনুপ্রেরণার নাম। তিনি আবু সাইদকে জাতীয় সম্পদ এবং ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের পতনের সূতিকাগার হিসেবে আখ্যায়িত করেন। প্রতিমন্ত্রী ঘোষণা দেন, শহীদ আবু সাইদের স্মৃতি সংরক্ষণে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এক কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে। তাকে শুধু নিজ গ্রামের পরিসরে সীমাবদ্ধ না রেখে রংপুর জেলা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‍‍`শহীদ আবু সাইদ স্টেডিয়াম‍‍` করার সিদ্ধান্ত জানানো হয়। তিনি উল্লেখ করেন, আবু সাইদ প্রেরণা ও শক্তির স্থায়ী উৎস।

উত্তরাঞ্চলের দীর্ঘদিনের বঞ্চনা দূর করার প্রতিশ্রুতি দেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, অবহেলিত উত্তরাঞ্চলকে উন্নয়নের মূলধারায় ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে এবং রংপুরসহ পুরো অঞ্চলের দৃশ্যপট বদলে দেওয়া হবে। সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রসঙ্গে তিনি জানান, দেশের প্রতিটি পরিবার ফ্যামিলি কার্ড এবং সব কৃষক কৃষক কার্ডের সুবিধা পাবেন। এ নিয়ে কোনো ধরনের তদবির বা মধ্যস্বত্বভোগীদের খপ্পরে না পড়তে তিনি জনসাধারণের প্রতি আহ্বান জানান। পাশাপাশি ইমাম ও মুয়াজ্জিনদের নিয়মিত সরকারি বেতন-ভাতার আওতায় আনার সরকারি উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে ১১ দলের সাম্প্রতিক লংমার্চ কর্মসূচির সমালোচনা করেন প্রতিমন্ত্রী। তিনি মন্তব্য করেন, তেল ও গ্যাস সংকটের অজুহাত তুলে লংমার্চের নামে বিপুল পরিমাণ জ্বালানি অপচয় করা হয়েছে। সংসদের বাইরে থাকা বিরোধী দলের বিভিন্ন কর্মসূচিকে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা হিসেবে অভিহিত করেন তিনি। অন্যদিকে সারের প্রাপ্যতা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি অভিযোগ করেন, বিরোধী দলের নির্বাচিত কিছু এলাকায় কৃত্রিমভাবে সারের সংকট তৈরি করে বর্তমান সরকারকে জনগণের কাছে হেয় করার ষড়যন্ত্র চলছে। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনিক ও রাজনৈতিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সী, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন এবং রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।