মার্চ ৯, ২০২৬, ১১:১১ এএম
বাহরাইনের রাজধানী মানামার কাছে ড্রোন হামলায় অন্তত ৩২ জন আহত হয়েছেন। সোমবার বাহরাইনের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বাহরাইন নিউজ এজেন্সির বরাতে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বাহরাইনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, আহতদের সবাই বাহরাইনের নাগরিক। তাদের মধ্যে ১৭ বছর বয়সি এক কিশোরী রয়েছে, যার মাথা ও চোখে গুরুতর আঘাত লেগেছে।
আহতদের মধ্যে সবচেয়ে কম বয়সি একজনের বয়স মাত্র দুই মাস। চারজনের অবস্থা গুরুতর, যাদের মধ্যে কয়েকজন শিশুকে অস্ত্রোপচার করতে হয়েছে।
উপসাগরীয় দেশগুলোতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার তীব্র সমালোচনা করেছে সৌদি আরব। রিয়াদ সতর্ক করে বলেছে, ইরান যদি আরব দেশগুলোর বিরুদ্ধে এমন হামলা অব্যাহত রাখে, তাহলে তেহরানই এর সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে। সৌদি আরবের বিশাল শায়বাহ তেলক্ষেত্র লক্ষ্য করে অন্তত চারটি ড্রোন হামলার পর রিয়াদ তেহরানকে এই সতর্কবার্তা দিয়েছে।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে এবং অন্যান্য উপসাগরীয়, আরব ও ইসলামী দেশগুলোতে ইরানের এই হামলগুলোর নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয় বলেছে, বিমানবন্দর ও তেল স্থাপনাসহ বেসামরিক স্থাপনাগুলোতে হামলা নিরাপত্তা ও স্থিতিশীলতার হুমকি।
উপসাগরীয় অঞ্চলে ইরানের এই হামলা দীর্ঘ সংঘাতের ১০ম দিনেও অব্যাহত রয়েছে। সৌদি আরব এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে। পরিস্থিতি ক্রমাগত উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন