মার্চ ১১, ২০২৬, ১০:১৭ এএম
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। লারিজানি তার বক্তব্যে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, হরমুজ প্রণালি হয় সবার জন্য শান্তি ও সমৃদ্ধির পথ হবে, নতুবা এটি যুদ্ধবাজদের জন্য পরাজয় ও চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াবে।
বিশ্লেষকদের মতে, ইরানের এই প্রচ্ছন্ন হুমকি মূলত ওয়াশিংটন ও তেল আবিবকে লক্ষ্য করেই দেওয়া হয়েছে।বৈশ্বিক জ্বালানি সরবরাহের ক্ষেত্রে হরমুজ প্রণালিকে সবচেয়ে সংবেদনশীল পথ হিসেবে বিবেচনা করা হয়।
মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে সরবরাহ হওয়া মোট খনিজ তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই সরু জলপথ দিয়ে পরিবহন করা হয়। ফলে এই পথে যেকোনো ধরনের বিঘ্ন ঘটলে বিশ্ব অর্থনীতিতে ধস নামার আশঙ্কা রয়েছে। আলী লারিজানির এই মন্তব্যের পর আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে।
যুদ্ধ পরিস্থিতির কারণে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার ভয়ে জ্বালানি বিশেষজ্ঞরা বড় ধরনের অস্থিরতার পূর্বাভাস দিচ্ছেন।এদিকে ইরান ও ইসরায়েল-মার্কিন যৌথ বাহিনীর মধ্যে হামলা ও পাল্টা হামলা অব্যাহত রয়েছে। তেহরান সম্প্রতি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রসহ তিন ধরনের উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি করেছে।
এর মধ্যে যুক্তরাষ্ট্রের ছয়টি পারমাণবিক বোমা নিখোঁজ হওয়ার খবরও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে। এমন অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালি বন্ধের ইঙ্গিত দিয়ে ইরান কার্যত বিশ্বনেতাদের ওপর চাপ সৃষ্টির কৌশল গ্রহণ করেছে বলে মনে করা হচ্ছে। ইরান মনে করে, এই নৌপথটি তাদের সার্বভৌমত্বের একটি শক্তিশালী হাতিয়ার যা দিয়ে তারা যেকোনো আগ্রাসন মোকাবিলা করতে সক্ষম।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন