সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

হরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ট্রাম্পের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১১, ২০২৬, ১০:৫১ এএম

হরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ট্রাম্পের হুঁশিয়ারি

হরমুজ প্রণালিতে উত্তেজনা

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালিতে ইরান মাইন বসাতে শুরু করেছে বলে দাবি করেছে মার্কিন গোয়েন্দা সূত্র। বৈশ্বিক অপরিশোধিত তেলের প্রায় ২০ শতাংশ এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়, ফলে এই পদক্ষেপ বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

মার্কিন গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী, ইরানের হাতে এখনো প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ মাইন স্থাপনকারী ক্ষুদ্র যুদ্ধযান অক্ষত রয়েছে, যা দিয়ে তারা চাইলে কয়েকশ মাইন পুরো জলপথে ছড়িয়ে দিতে পারে।

ইরানের এই পদক্ষেপের পর নিজ সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “ইরান যদি মাইন বসিয়ে থাকে, তবে আমরা চাই সেগুলো অবিলম্বে সরিয়ে নেওয়া হোক। 

অন্যথায় ইরানকে ‘নজিরবিহীন’ পরিণতির মুখোমুখি হতে হবে।” ট্রাম্পের এই বার্তার কয়েক ঘণ্টা পরই মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক্সে (সাবেক টুইটার) জানান যে, প্রেসিডেন্টের নির্দেশনায় মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের মাইন স্থাপনকারী জাহাজগুলো ধ্বংস করতে শুরু করেছে।সেন্টকমের দাবি অনুযায়ী, তারা ইতিমধ্যে হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী জাহাজসহ বেশ কিছু নৌযান নিখুঁতভাবে ধ্বংস করেছে। হেগসেথ স্পষ্ট করে বলেছেন, “সন্ত্রাসীদের হাতে হরমুজ প্রণালিকে জিম্মি হতে দেব না।

ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই ত্রিমুখী যুদ্ধের ফলে হরমুজ প্রণালি এখন কার্যত ‘ডেথ ভ্যালি’ বা মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) আগে থেকেই এই পথ দিয়ে চলাচলকারী যে কোনো জাহাজে হামলার হুমকি দিয়ে রেখেছে।

বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে সাধারণ জাহাজ চলাচল প্রায় বন্ধ থাকলেও ট্রাম্প দাবি করেছেন যে, মার্কিন নৌবাহিনীর কাছে মাইন শনাক্ত করার জন্য বিশ্বের সেরা সরঞ্জাম রয়েছে। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো বাণিজ্যিক জাহাজকে তারা পাহারা দিয়ে পার করে দেওয়ার ঝুঁকি নেননি। এই পরিস্থিতির ফলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ ও দাম নিয়ে নতুন করে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে।