সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ইরানের পাশে দাঁড়াল উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১১, ২০২৬, ০৯:২৮ পিএম

ইরানের পাশে দাঁড়াল উত্তর কোরিয়া

মোজতবা খামেনির প্রতি সমর্থন

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়ে দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে নির্বাচিত করার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়া। বুধবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। পিয়ংইয়ং জানিয়েছে যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় পরিষদ তথা অ্যাসেম্বলি অব এক্সপার্ট যে সিদ্ধান্তের মাধ্যমে মোজতবা খামেনিকে সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে, সেটিকে তারা পুরোপুরি সম্মান করে। 

উল্লেখ্য যে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হওয়ার পর গত ৮ মার্চ মোজতবা খামেনিকে নতুন নেতা হিসেবে ঘোষণা করা হয়।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএকে দেওয়া এক বিবৃতিতে জানান যে ইরানি জনগণের তাদের নিজস্ব সর্বোচ্চ নেতা নির্বাচনের অধিকার ও সিদ্ধান্তের প্রতি তারা শ্রদ্ধাশীল। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ধ্বংসের অপচেষ্টা হিসেবে অভিহিত করেছে উত্তর কোরিয়া। 

মুখপাত্র আরও বলেন যে পশ্চিমা দেশগুলোর এই আগ্রাসন বিশ্বজুড়ে নতুন করে অস্থিতিশীলতা তৈরি করছে যা গভীর উদ্বেগের বিষয়। পিয়ংইয়ং মনে করে ইরানের ওপর এই হামলা বিশ্বজুড়ে নিরাপত্তার ভিত নাড়িয়ে দিচ্ছে।গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এর জবাবে ইরানও ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। 

পাল্টাপাল্টি এই হামলায় এখন পর্যন্ত ১ হাজার ২০০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে যার মধ্যে অন্তত আটজন মার্কিন সেনাও রয়েছেন। ইসরায়েলেও বেশ কয়েকজন সেনা ও বেসামরিক নাগরিক নিহতের খবর পাওয়া গেছে। এই পরিস্থিতিতে উত্তর কোরিয়ার পক্ষ থেকে দেওয়া এই প্রকাশ্য সমর্থন আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।