মার্চ ১২, ২০২৬, ১০:৫০ এএম
পবিত্র রমজান মাসে জেরুজালেমের আল-আকসা মসজিদ টানা ১২ দিন ধরে বন্ধ রাখার ঘটনায় ইসরাইলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিশ্বের প্রভাবশালী আটটি মুসলিম দেশ। বুধবার সৌদি আরব, মিশর, তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে এই পদক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে দেশগুলো স্পষ্টভাবে জানিয়েছে যে, রমজানের মতো পবিত্র মাসে মসজিদে নামাজ ও ইবাদতের ওপর নিরাপত্তা কড়াকড়ি এবং বৈষম্যমূলক নিষেধাজ্ঞা আরোপ করা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। এটি কেবল ধর্মীয় স্বাধীনতাই খর্ব করছে না, বরং ঐতিহাসিক রীতিনীতিকেও সম্পূর্ণভাবে উপেক্ষা করছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে, দখলকৃত জেরুজালেম কিংবা এর ভেতরে থাকা ইসলামি ও খ্রিষ্টান পবিত্র স্থানগুলোর ওপর ইসরাইলের কোনো সার্বভৌমত্ব নেই।
বিশেষ করে আল-আকসা মসজিদের পবিত্রতা রক্ষা এবং ইবাদতকারীদের নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে ইসরাইল সেখানে ক্রমাগত প্ররোচনামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। গত শুক্রবার মুসলিমদের জুমার নামাজ আদায় করতে না দেওয়ার ঘটনাটি পরিস্থিতির আরও অবনতি ঘটিয়েছে। ইসরাইলি পুলিশ নিরাপত্তার অজুহাতে এই বাধা দিলেও মুসলিম দেশগুলো একে সরাসরি ধর্মীয় নিপীড়ন এবং আন্তর্জাতিক মানবিক আইনের অবমাননা হিসেবে দেখছে।
আট দেশের পক্ষ থেকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে, আল-আকসা মসজিদ এলাকাটি একচেটিয়াভাবে কেবল মুসলমানদের জন্য সংরক্ষিত। জর্ডানের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ জেরুজালেম এনডাউমেন্টস এবং আল-আকসা মসজিদবিষয়ক বিভাগই এই পবিত্র চত্বর পরিচালনার একমাত্র বৈধ কর্তৃপক্ষ। অবিলম্বে মসজিদের সব ফটক উন্মুক্ত করার এবং মুসল্লিদের প্রবেশ নিশ্চিত করার জন্য ইসরাইলের প্রতি জোর আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে এই ধরনের বেআইনি কর্মকাণ্ড বন্ধে ইসরাইলের ওপর কার্যকর চাপ সৃষ্টির অনুরোধ জানানো হয়েছে যাতে অবাধে ধর্মীয় আচার পালনের অধিকার বজায় থাকে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন