রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

চীন সফর স্থগিত করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১৮, ২০২৬, ১২:৩০ পিএম

চীন সফর স্থগিত করলেন ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে নিজের পূর্বনির্ধারিত এবং বহুল প্রতীক্ষিত চীন সফর স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে ওয়াশিংটন ইরান যুদ্ধকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প নিজেই এই ঘোষণা দেন। 

তিনি জানান যে বিদ্যমান যুদ্ধ পরিস্থিতির কারণে এই মুহূর্তে তাঁর দেশে থাকা অত্যন্ত জরুরি। প্রেসিডেন্ট ট্রাম্পের এই সফরের নতুন দিনক্ষণ নির্ধারণের জন্য যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বর্তমানে চীনের সাথে কাজ করছেন এবং এতে বেইজিংয়ের কোনো আপত্তি নেই বলেও তিনি উল্লেখ করেন।

মূল পরিকল্পনা অনুযায়ী আগামী ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফর করার কথা ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে এই সফরটি অন্তত পাঁচ থেকে ছয় সপ্তাহ পিছিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন যে যুদ্ধের এই সংকটময় সময়ে তিনি ওয়াশিংটনেই অবস্থান করতে চান।

 উল্লেখ্য যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই যুদ্ধ বর্তমানে তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। যুদ্ধের প্রভাবে পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বর্তমানে প্রায় সমস্ত বৈশ্বিক নৌচলাচলের জন্য বন্ধ রয়েছে যা বিশ্ব অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলছে।চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে যে মার্কিন প্রেসিডেন্টের সফরের পরিকল্পনা নিয়ে দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে।

 এই সফরে ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বাণিজ্য শুল্ক ও বিরল খনিজ সম্পদের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার কথা ছিল। এছাড়া তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এবং চীনের ফেন্টানাইল রপ্তানি বন্ধের মতো অমীমাংসিত বিষয়গুলোও আলোচনার এজেন্ডায় ছিল। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে এই দ্বিপাক্ষিক আলোচনা আপাতত স্থগিত হয়ে গেল। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের এই সিদ্ধান্তে স্পষ্ট যে মধ্যপ্রাচ্যের সংঘাত এখন মার্কিন পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।