রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হরমুজ প্রণালি রক্ষায় জাতিসংঘের সাহায্য চায় বাহরাইন

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২৪, ২০২৬, ০৭:৪৬ পিএম

হরমুজ প্রণালি রক্ষায় জাতিসংঘের সাহায্য চায় বাহরাইন

হরমুজ প্রণালি নিরাপত্তা

হরমুজ প্রণালি এবং বাণিজ্যিক নৌপরিবহন রক্ষায় বিশ্বশক্তিগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুমোদন দিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব জমা দিয়েছে বাহরাইন। সোমবার এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক কূটনীতিকরা জানিয়েছেন যে, বাহরাইনের এই উদ্যোগকে অন্যান্য উপসাগরীয় আরব দেশ এবং যুক্তরাষ্ট্র সমর্থন জানিয়েছে। 

তবে নিরাপত্তা পরিষদে রাশিয়া ও চীনের ভেটো প্রদানের ক্ষমতার কারণে প্রস্তাবটি সহজে অনুমোদিত হওয়ার পথে বড় বাধা সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাহরাইনের জমা দেওয়া খসড়া প্রস্তাবে হরমুজ প্রণালিতে নৌপরিবহন রক্ষা এবং যেকোনো ধরনের বাধা রোধের জন্য দেশগুলোকে স্বেচ্ছামূলক বহুজাতিক নৌবাহিনী গঠন অথবা এককভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া এতে সংশ্লিষ্ট পক্ষগুলোর ওপর নিষেধাজ্ঞাসহ অন্যান্য কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তুতির কথাও অন্তর্ভুক্ত রয়েছে। 

বাহরাইনের এই প্রস্তাবে ইরানের সাম্প্রতিক পদক্ষেপগুলোকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। একই সাথে ইরানকে বাণিজ্যিক নৌযান এবং প্রণালিতে বৈধ চলাচলে বাধা দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।একই দিনে ফ্রান্সের পক্ষ থেকে সংঘাত এড়াতে এবং সংলাপের ওপর গুরুত্ব দিয়ে আরও একটি বিকল্প খসড়া প্রস্তাব পেশ করা হয়েছে। 

আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুটে আধিপত্য ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি এখন বিশ্বশক্তির দ্বন্দ্বের কেন্দ্রে পরিণত হয়েছে। হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের একটি বড় অংশের জ্বালানি তেল সরবরাহ করা হয়, ফলে এখানে যেকোনো অস্থিরতা সরাসরি বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই প্রস্তাবগুলোর ওপর ভোটাভুটি এবং আলোচনার মাধ্যমেই নির্ধারিত হবে এই অঞ্চলের নৌপথের ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামো।