রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ইতালি ও স্পেন থেকে সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

মে ২, ২০২৬, ১২:৪৯ পিএম

ইতালি ও স্পেন থেকে সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের

ট্রাম্পের হুঁশিয়ারি

ইউরোপের দুই মিত্র দেশ ইতালি ও স্পেন থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশ দুটি থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছেন তিনি। শনিবার (০২ মে) টাইম ম্যাগাজিনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইতালি আমাদের কোনো সাহায্য করেনি এবং স্পেন ছিল একেবারেই ভয়াল। ইরান যুদ্ধের সময় ন্যাটো মিত্ররা যুক্তরাষ্ট্রকে যথেষ্ট সমর্থন দেয়নি বলে অভিযোগ করেন তিনি। ট্রাম্প আরও উল্লেখ করেন, ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র ইউরোপকে সাহায্য করলেও যখন তাদের দরকার ছিল, তখন মিত্ররা পাশে ছিল না। এই বিষয়টি যুক্তরাষ্ট্র মনে রাখবে বলে তিনি সতর্ক করেন।

যুক্তরাষ্ট্রের ডিফেন্স ম্যানপাওয়ার ডাটা সেন্টারের (ডিএমডিসি) ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত তথ্যানুযায়ী, ইতালিতে ১২ হাজার ৬৬২ এবং স্পেনে ৩ হাজার ৮১৪ জন মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এই বিশাল সংখ্যক সেনা প্রত্যাহারের সম্ভাবনা নিয়ে ট্রাম্পের মন্তব্য আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।

স্পেনের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রোসেটো ট্রাম্পের এই মন্তব্যের বিরোধিতা করেছেন। তিনি বলেন, ট্রাম্পের এমন বক্তব্যের পেছনের কারণ তাঁর কাছে স্পষ্ট নয়। ক্রোসেটো আরও জানান, ইতালি হরমুজ প্রণালি ব্যবহার না করলেও জাহাজ চলাচল রক্ষায় একটি বিশেষ মিশন পরিচালনার প্রস্তাব দিয়েছিল যা মার্কিন সামরিক বাহিনীও প্রশংসা করেছিল।

টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, তারা মন্তব্যের জন্য ইতালি ও স্পেনের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো দেশের পক্ষ থেকেই এ বিষয়ে জবাব পাওয়া যায়নি। বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের এই হুমকির পর দেশ দুটির সঙ্গে ওয়াশিংটনের সামরিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন করে বিশ্লেষণ শুরু হয়েছে।