মে ১২, ২০২৬, ১২:২৭ পিএম
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে তিন দিনের সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর পরই নতুন করে হামলা শুরু হয়েছে। মঙ্গলবার ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়া ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে কিয়েভ কর্তৃপক্ষ।কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জানান, রাশিয়ার ড্রোন বর্তমানে কিয়েভের আকাশে অবস্থান করছে।
সতর্কতা তুলে না নেওয়া পর্যন্ত তিনি বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেন।বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, গত শুক্রবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর মঙ্গলবারই প্রথম রাজধানী কিয়েভে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। কিয়েভ অঞ্চলের সামরিক প্রশাসন জানিয়েছে, ওই এলাকায় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে সক্রিয় রয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয় উদযাপনের আগে গত শুক্রবার তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন। তিনি আশা প্রকাশ করেছিলেন, এই বিরতি চলমান সংঘাতের সমাপ্তির সূচনা করতে পারে। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, এই যুদ্ধবিরতি ৯ মে থেকে ১১ মে পর্যন্ত কার্যকর ছিল।
তবে তিন দিনের এই যুদ্ধবিরতির সময়েও উভয় দেশ একে অপরের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের ওপর হামলার অভিযোগ তুলেছে। মঙ্গলবার ভোরে যুদ্ধবিরতির নির্ধারিত সময় পার হওয়ার সাথে সাথেই কিয়েভে নতুন করে হামলা শুরু হয়।
ইউক্রেনীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। কিয়েভের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রুশ ড্রোনগুলো ভূপাতিত করতে কাজ করছে বলে জানানো হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন