রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ভারতে নাগরিকত্ব পেতে বাংলাদেশসহ ৩ দেশের জন্য নতুন নিয়ম চালু

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৯, ২০২৬, ১২:৫০ পিএম

ভারতে নাগরিকত্ব পেতে বাংলাদেশসহ ৩ দেশের জন্য নতুন নিয়ম চালু

ভারতে নাগরিকত্ব পেতে বাংলাদেশি, পাকিস্তানি ও আফগান নাগরিকদের জন্য নতুন নিয়ম চালু করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। সংশোধিত বিধি অনুযায়ী এখন থেকে নাগরিকত্বের আবেদনকারীদের নিজ দেশের পাসপোর্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য ও ঘোষণাপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। আজ মঙ্গলবার ১৯ মে ২০২৬ তারিখে এই নতুন সংশোধনীর বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করেছে।২০০৯ সালের নাগরিকত্ব বিধি সংশোধন করে এই নতুন একটি অনুচ্ছেদ যুক্ত করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। 

নতুন নিয়মটি মূলত বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যারা নতুন করে ভারতের নাগরিকত্বের জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন। নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে নাগরিকত্ব প্রত্যাশী আবেদনকারীর কাছে নিজ দেশের কোনো বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট থাকতে পারবে না। 

যদি কোনো আবেদনকারীর কাছে বৈধ পাসপোর্ট থাকে তবে তার নম্বর, ইস্যুর তারিখ এবং মেয়াদসহ পূর্ণ তথ্য নথিতে উল্লেখ করতে হবে।একই সঙ্গে আবেদনকারীকে লিখিতভাবে ঘোষণা করতে হবে যে নাগরিকত্ব পাওয়ার ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট পাসপোর্ট ডাক বিভাগের নির্ধারিত কর্মকর্তার কাছে জমাদেওয়া হবে। সংশোধিত বিধিতে আরও বলা হয়েছে যে নতুন অনুচ্ছেদটি বিধিমালার ১সি তফসিলের পরে যুক্ত করা হবে। 

এই তফসিলটি মূলত বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের নাগরিকত্ব আবেদনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এর আগে ২০১৯ সালে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ কার্যকর করার মাধ্যমে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে আসা নথিপত্রহীন অমুসলিম অভিবাসীদের নাগরিকত্ব পাওয়ার পথ সহজ করা হয়েছিল।