মে ২২, ২০২৬, ০৮:০৫ পিএম
ভারতে মসজিদকে মন্দিরে রূপান্তরের চলমান বিতর্কের মধ্যে মধ্যপ্রদেশের ভোজশালা কমপ্লেক্স নিয়ে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছে মুসলিম পক্ষ। ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গুরুত্বসম্পন্ন এই ভোজশালা কমপ্লেক্সের অধিকার নিয়ে মধ্যপ্রদেশ হাইকোর্টের সাম্প্রতিক রায়ের বিরুদ্ধে এই আপিল করা হয়েছে। মসজিদের তত্ত্বাবধায়ক কাজি মইনুদ্দিন হাইকোর্টের দেওয়া ওই বিশেষ আদেশকে চ্যালেঞ্জ করে দেশটির সর্বোচ্চ আদালতে আবেদন জানান।হাইকোর্টের ওই রায়ের পর সংশ্লিষ্ট এলাকায় নতুন করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে।
বিতর্কিত এই ভোজশালা কমপ্লেক্সটি বর্তমানে ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ বা এএসআইয়ের অধীনে সংরক্ষিত রয়েছে। দীর্ঘ দুই দশক ধরে সেখানে হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের উপাসনার জন্য আলাদা দিন নির্ধারিত ছিল। ২০০৩ সালের সরকারি নিয়মানুযায়ী প্রতি মঙ্গলবার হিন্দুরা সেখানে পূজা এবং প্রতি শুক্রবার মুসলিমরা জুমার নামাজ আদায় করে আসছিলেন। কিন্তু মধ্যপ্রদেশ হাইকোর্ট সেই পুরনো ধর্মীয় ব্যবস্থা বাতিল করে মুসলিমদের জন্য অন্যত্র মসজিদ নির্মাণে জমি বরাদ্দের আবেদন বিবেচনার নির্দেশ দেয় সরকারকে।এর ফলে দীর্ঘ ২৩ বছরের মধ্যে এবারই প্রথম ভোজশালায় শুক্রবারের জুমার নামাজ বন্ধ করা হলো।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন পুরো ধার শহরজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। মধ্যপ্রদেশ রাজ্য সরকার ঘোষণা দিয়েছে যে অযোধ্যার রাম মন্দিরের আদলেই এবার এই বিতর্কিত ভোজশালাকে নতুন করে উন্নয়ন করা হবে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় জেলা কালেক্টর রাজীব রঞ্জন মীনা ইতোমধ্যে জরুরি শান্তি বৈঠক ডেকে কঠোর নির্দেশনা জারি করেছেন।
তথ্যসূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন