রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মমতার দলে আবার ভাঙনের আভাস, শুভেন্দুর উপস্থিতিতে তৃণমূলের ২১ এমপির বৈঠক

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৮, ২০২৬, ০৩:১৬ পিএম

মমতার দলে আবার ভাঙনের আভাস, শুভেন্দুর উপস্থিতিতে তৃণমূলের ২১ এমপির বৈঠক

তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলে ভাঙন শুরু হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে নিজের ইস্তফাপত্র জমা দিয়েছেন দলের বর্ষীয়ান নেতা সুখেন্দু শেখর রায়। রাজ্যসভার সদস্যপদ ছাড়ার পাশাপাশি তিনি তৃণমূল কংগ্রেস থেকেও পদত্যাগ করেছেন।

ইস্তফার কারণ হিসেবে তিনি জানিয়েছেন, দল যেভাবে চলা উচিত ছিল, সেভাবে চলেনি। বিপর্যয়ের কারণ বিশ্লেষণ না করা এবং জনবিচ্ছিন্ন হয়ে পড়ায় দল জনসমর্থন হারিয়েছে বলে তিনি দাবি করেন।

এদিকে সুখেন্দু শেখরের ইস্তফার পরপরই তৃণমূলের বিক্ষুব্ধ সংসদ সদস্যরা বিজেপি নেতা ভুপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠকে বসেছেন। বিজেপি সূত্র অনুযায়ী, তৃণমূলের মোট ২১ জন সংসদ সদস্য এই বৈঠকে যোগ দিয়েছেন। বৈঠকে তৃণমূলের বিভিন্ন লোকসভা সদস্য ও পরিচিত অভিনেতা-অভিনেত্রী সংসদ সদস্যরা উপস্থিত রয়েছেন।

তৃণমূল কংগ্রেসের লোকসভার সদস্যসংখ্যা ২৮। দলত্যাগ করতে গেলে দুই-তৃতীয়াংশ বা ২১ জন সদস্যের প্রয়োজন। সংসদ সদস্যদের এই বৈঠক ও ইস্তফার ঘটনায় তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব অস্বস্তিতে পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমানে দিল্লিতে অবস্থান করলেও এই ভাঙন ইন্ডিয়া জোটের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা দিয়েছে।

বিজেপির লক্ষ্য হলো সংবিধান সংশোধন বিল পাস করানোর জন্য লোকসভা ও রাজ্যসভায় দুই-তৃতীয়াংশ সমর্থন নিশ্চিত করা। একই সঙ্গে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে আয়ুষ্মান ভারত প্রকল্পে রাজ্যের অন্তর্ভুক্তি নিশ্চিত করেছেন, যা তৃণমূলের আগের অবস্থানের সম্পূর্ণ বিপরীত। দলত্যাগ করা সংসদ সদস্যরা আলাদা ব্লক করবেন নাকি বিজেপিতে যোগ দেবেন, তা এখনো স্পষ্ট নয়।