জুন ১৮, ২০২৬, ০৮:১৮ পিএম
ভারতের সংবিধান ও সরকারকে না মানলে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশে চলে যাওয়ার হুমকি দিয়েছেন বিজেপির মন্ত্রী দিলীপ ঘোষ। ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা পরিবর্তনের জেরে বৃহস্পতিবার সকালে গণমাধ্যমের সামনে তিনি এই চরম বিতর্কিত মন্তব্য করেন। প্রায় ২০ বছর ধরে সাবেক মুখ্যমন্ত্রী মমতার সুরক্ষায় সরকারিভাবে নিয়োজিত ছিলেন স্বরুপ গোস্বামী ও কুসুম কুমার দ্বিবেদী।
প্রশাসনিক নিয়ম অনুযায়ী বুধবার সন্ধ্যায় তাদেরকে দায়িত্ব থেকে সরিয়ে সরকারিভাবে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হলে তৃণমূল এর তীব্র বিরোধিতা করে।নতুন নিরাপত্তা কর্মকর্তাকে কাজে যোগ দিতে না দিয়ে মমতা নিজের উদ্যোগে ব্যক্তিগত রক্ষী রেখেছেন।এই ঘটনার প্রেক্ষিতে বিজেপির মন্ত্রী দিলীপ ঘোষ প্রশ্ন তোলেন যে সরকার নিরাপত্তা দিলে তা মেনে নেওয়াই নিয়ম, সেখানে নিজের পছন্দ চাপানোর কোনো সুযোগ নেই।
তিনি আরও বলেন যে মুখ্যমন্ত্রী থাকার সময় মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এ ধরনের প্রশাসনিক নিয়োগের সিদ্ধান্ত নিতেন এবং ঠিক করতেন কাকে কোথায় পাঠানো হবে। ফলে বর্তমান মুখ্যমন্ত্রীরও এই ধরনের প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার রয়েছে এবং তা অমান্য করা কোনোভাবেই সমীচীন নয়। আইন ও দেশের সরকার না মানলে এ দেশে থাকার কোনো প্রয়োজন নেই বলে তিনি মমতাকে সরাসরি প্রতিবেশীর দেশে চলে যাওয়ার কথা বলেন।
উল্লেখ্য যে এর আগেও ভারতে মুসলিমদের নামাজ পড়া নিয়ে অত্যন্ত বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচিত হয়েছিলেন এই বিজেপি নেতা। সে সময় কলকাতার রেড রোডে ঈদুল আজহার নামাজ পড়তে না দেওয়ার যুক্তি দিয়ে তিনি মুসলিমদের বাংলাদেশ বা পাকিস্তানে গিয়ে নামাজ পড়ার কথা বলেছিলেন। ভারতে সামগ্রিক শাসন ব্যবস্থা বদলে গেছে দাবি করে সেখানে এমন নিয়ম আর চলবে না বলে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন। নিরাপত্তা কর্মকর্তা বদলের এই তুচ্ছ ঘটনাটি ঘিরে ভারতের রাজ্য রাজনীতিতে এখন নতুন করে তুমুল উত্তেজনা ও রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন