রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পশ্চিমবঙ্গে ধর্মান্তরবিরোধী কঠোর আইনের ঘোষণা শুভেন্দুর

আন্তর্জাতিক ডেস্ক

জুন ২৭, ২০২৬, ০৬:১৫ পিএম

পশ্চিমবঙ্গে ধর্মান্তরবিরোধী কঠোর আইনের ঘোষণা শুভেন্দুর

ভারতের পশ্চিমবঙ্গে জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি কার্যকর, ধর্মান্তরবিরোধী কঠোর আইন প্রণয়ন এবং অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি চালুর পরিকল্পনার কথা জানানো হয়েছে। রাজ্যের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী এই নতুন নীতিমালার কথা ঘোষণা করেছেন। কলকাতার রবীন্দ্র সদনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এই দাবি করেন।জাতীয় নিরাপত্তা জোরদার করাই এই উদ্যোগের লক্ষ্য।

শুভেন্দু অধিকারীর দাবি, আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের কারণে পশ্চিমবঙ্গে ধর্মান্তরের প্রবণতা এবং জনসংখ্যার ভারসাম্যে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এই পরিস্থিতিকে রাজ্যের সামাজিক কাঠামো ও দেশের নিরাপত্তার জন্য বড় উদ্বেগের কারণ হিসেবে তিনি উল্লেখ করেন। এই সংকট মোকাবিলায় খুব দ্রুতই পশ্চিমবঙ্গে ধর্মান্তরবিরোধী কঠোর আইন, অভিন্ন দেওয়ানি বিধি এবং এনআরসি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।সীমান্তবর্তী এলাকায় ইতিমধ্যে কিছু পরিকাঠামো তৈরি করা হয়েছে।

তিনি আরও জানান, বিজেপি সরকার সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত ও ফেরত পাঠানোর লক্ষ্যে সীমান্তবর্তী জেলাগুলোতে নির্দিষ্ট আটক কেন্দ্র গড়ে তুলেছে। যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে দেশের সংস্কৃতি ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে নিজ দেশে ফেরত পাঠানো হবে। তবে নাগরিকত্ব সংশোধন আইন বা সিএএ প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন যে, ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আশ্রয় নেওয়া হিন্দুরা অনুপ্রবেশকারী নন এবং তারা ভারতীয় নাগরিকত্ব পাওয়ার সম্পূর্ণ অধিকারী।

বক্তব্যের শেষ অংশে তিনি দেশের সশস্ত্র বাহিনীকে অসম্মানকারী ও নির্দিষ্ট কিছু জাতীয় নিরাপত্তা ইস্যুর বিরোধিতাকারীদের কড়া সমালোচনা করেন। এই ধরনের কর্মকাণ্ড পশ্চিমবঙ্গে কোনোভাবেই বরদাশত করা হবে না বলে তিনি সতর্ক করে দেন।

তথ্যসূত্র: এনডিটিভি