সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন বিশ্বের বিশ্বনেতারা

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৩, ২০২৬, ০৫:৫৭ পিএম

আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন বিশ্বের বিশ্বনেতারা

ইরানের প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে তেহরানে বিশ্বের শতাধিক দেশের প্রতিনিধিরা জড়ো হয়েছেন।শুক্রবার শুরু হওয়া এই রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান ও জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নিচ্ছেন। তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে প্রয়াত নেতার মরদেহ রাখা হয়েছে, যেখানে আজ বিদেশি প্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদন করছেন।

শোকানুষ্ঠানে অংশ নেওয়া উল্লেখযোগ্য বিশ্বনেতাদের মধ্যে রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং দেশটির সেনা প্রধান আসিম মুনির। এছাড়া তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রাহমোন, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাসিনইয়ান এবং জর্জিয়ার প্রেসিডেন্ট মিখাইল কাভেলাশভিলি তেহরানে পৌঁছেছেন। তুরস্কের ভাইস-প্রেসিডেন্ট জেভদেত ইলমাজ, রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ এবং চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের ভাইস চেয়ারম্যান হি ওই নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করছেন।

ভারতের প্রতিনিধিদলে রয়েছেন বিহারের গভর্নর সৈয়দ আতা হাসনাইন, উপ-পররাষ্ট্রমন্ত্রী পবিত্র মার্গেরিতা, সাবেক পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ ও মেহবুবা মুফতি। এছাড়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এবং উপপ্রধানমন্ত্রী আব্দুল গণি বারাদারসহ উচ্চপর্যায়ের প্রতিনিধিরা শোকানুষ্ঠানে উপস্থিত আছেন। বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদলও তেহরানে পৌঁছেছে।

আইআরআইবি জানিয়েছে, আগামীকাল থেকে সাধারণ মানুষের জন্য কফিন উন্মুক্ত করা হবে। সপ্তাহব্যাপী বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে মাশহাদে তাকে দাফন করা হবে।নিরাপত্তার কারণে খামেনির ছেলে মোজতবা খামেনি জানাজায় অংশ নিচ্ছেন না বলে জানা গেছে। ইরান সরকার যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা