রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

খামেনির জানাজায় ইমামতির তালিকা প্রকাশ করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৪, ২০২৬, ১০:৫৪ পিএম

খামেনির জানাজায় ইমামতির তালিকা প্রকাশ করল ইরান

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষবিদায়ের আনুষ্ঠানিকতা ধাপে ধাপে সম্পন্ন করা হচ্ছে। সাধারণ মানুষের শ্রদ্ধা জানানোর জন্য শনিবার তেহরানের গ্র্যান্ড মোসল্লা প্রাঙ্গণে কফিন রাখা হয়েছিল। আগামী রোববার আনুষ্ঠানিকভাবে জানাজার নামাজ শুরু হবে বলে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেসটিভি জানিয়েছে।স্থানীয় সময় সকাল ৬টায় তেহরানের ইমাম খামেনি মোসল্লায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজার নামাজে ইমামতি করবেন কে, তা নিয়ে বিশ্বজুড়ে কৌতূহল থাকলেও ইরান কর্তৃপক্ষ ইতিমধ্যে ইমামদের তালিকা প্রকাশ করেছে। প্রকাশিত এই সূচিতে বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির নাম না থাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। সাধারণত শিয়া রীতিতে সর্বোচ্চ নেতার জানাজায় বর্তমান সর্বোচ্চ নেতা দায়িত্ব পালন করেন, তবে এবার এই ধারার ব্যতিক্রম ঘটেছে।

ইরানের প্রকাশিত সূচি অনুযায়ী, তেহরানের প্রথম জানাজায় নেতৃত্ব দেবেন জাফর সোবহানি। পরবর্তীতে পবিত্র নগরী কোমে অনুষ্ঠিত জানাজায় ইমামতি করবেন নাসের মাকারেম শিরাজি। সবশেষে মাশহাদে অনুষ্ঠিত শেষ জানাজায় ইমামতি করবেন হোসেইন নুরি হামেদানি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। ওই হামলায় তাঁর পরিবারের বেশ কয়েকজন সদস্য ও বিপ্লবী গার্ডের শীর্ষ কর্মকর্তারাও প্রাণ হারিয়েছিলেন। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যসহ পুরো অঞ্চলে চলমান উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে।