জুলাই ৯, ২০২৬, ০৭:৩১ পিএম
ইরানের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ নগরী বন্দর আব্বাস ও বুশেহর প্রদেশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বৃহস্পতিবার দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ এ তথ্য নিশ্চিত করেছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির তীরে অবস্থিত এই অঞ্চলগুলোতে বিস্ফোরণের ঘটনায় আঞ্চলিক উত্তেজনার পারদ আরও চড়েছে।যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে এই পাল্টাপাল্টি সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে।
তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান সামরিক সংঘাতের জেরে ইরানের বিভিন্ন স্থাপনায় নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বন্ধু দেশগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা পরিচালনা করেছে। ফলে দীর্ঘদিনের অন্তর্বর্তীকালীন চুক্তিটি বর্তমানে হুমকির মুখে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালিতে ইরানের সাম্প্রতিক জাহাজবিরোধী হামলার কারণে যুদ্ধবিরতি কার্যকর নেই। তিনি সতর্কবার্তা দিয়ে বলেছেন, এসব হামলা বন্ধ না হলে সংঘাত আরও বিস্তৃত হবে।
বুশেহর প্রদেশে ইরানের একমাত্র সচল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অবস্থিত। এর আগেও বিভিন্ন সময়ে এই পারমাণবিক স্থাপনাটি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে, যা নিয়ে আন্তর্জাতিক মহলে যথেষ্ট উদ্বেগের সৃষ্টি হয়। এদিনের বিস্ফোরণে পারমাণবিক স্থাপনা বা সংলগ্ন এলাকায় কোনো ক্ষতি হয়েছে কিনা, তা নিয়ে কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, ইরানের প্রায় ১৭০টি সামরিক লক্ষ্যবস্তুতে তারা হামলা চালিয়েছে। এতে অন্তত ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দুই দেশের মধ্যে এই সামরিক উত্তেজনার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ও সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন