রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হরমুজ প্রণালিতে উত্তাপ যুক্তরাষ্ট্রের তৃতীয় দফার হামলা ইরানে

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১২, ২০২৬, ০৯:২৬ এএম

হরমুজ প্রণালিতে উত্তাপ যুক্তরাষ্ট্রের তৃতীয় দফার হামলা ইরানে

ইরানে তৃতীয় দফায় হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। এসব হামলা রুখতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের উপকূলীয় শহর বন্দর-ই মাহশাহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এই তথ্য জানিয়েছে।হরমুজ প্রণালিতে সাইপ্রাসের পতাকাবাহী একটি কনটেইনার জাহাজে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী হামলা চালানোর অভিযোগ তুলে এই তৃতীয় দফার হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র।

সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হামলার শিকার জাহাজটিতে আগুন ধরে যায় এবং ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়। এতে জাহাজটি অচল হয়ে পড়ে এবং জাহাজের একজন নাবিক নিখোঁজ রয়েছেন। মার্কিন সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, গত ১৬ জুন স্বাক্ষরিত শান্তি চুক্তির প্রতি আনুগত্য দেখানোর আরও একটি সুযোগ ইরানকে দেওয়া হয়েছিল, কিন্তু তারা তা দেখাতে ব্যর্থ হয়েছে। এর জবাবেই এই হামলা চালানো হচ্ছে বলে সেন্ট্রাল কমান্ড জানিয়েছে। তারা আরও বলে, বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা চালানোর সক্ষমতা গুঁড়িয়ে দিতে এই আঘাত অব্যাহত রাখা হয়েছে।

এদিকে, এই ভুল সিদ্ধান্তের জন্য ইরানকে খেসারত দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের যুদ্ধসচিব পিট হেগসেথ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ইরান একটি ভুল সিদ্ধান্ত নিয়েছে এবং এখন তাদের এর খেসারত দিতে হবে।

ইরানের দক্ষিণাঞ্চল জুড়ে বিভিন্ন বন্দর নগরীতে নতুন করে দফায় দফায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। হরমুজগন প্রদেশের বন্দর নগরী জাস্কে নতুন করে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে ওই শহরে অন্তত ১০টি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। এছাড়া বন্দর আব্বাস এবং সিরিকে তিনটি করে মোট ছয়টি বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। চাবাহার বন্দর নগরীতেও দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

বুশেহর প্রদেশেও বিস্ফোরণ হয়েছে। এই প্রদেশের বন্দর-ই দেয়ার শহরে পাঁচটি এবং আসালুয়েহ শহরে চারটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে এই প্রদেশে অন্তত ১২টি বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছিল। এছাড়া খুজেস্তান ও বুশেহর প্রদেশের সীমান্তে অবস্থিত ইমামজাদেহ শাহ আব্দুল্লাহ এলাকায় আরেকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে ওই বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।