বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

হরমুজ প্রণালিতে নতুন উত্তেজনা ওমানে মার্কিন রাডার ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১৩, ২০২৬, ১২:২৪ পিএম

হরমুজ প্রণালিতে নতুন উত্তেজনা ওমানে মার্কিন রাডার ধ্বংস

ওমান ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় পঞ্চম দফায় হামলা চালিয়েছে ইরানি বাহিনী। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা ইরানি বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, তাদের এই প্রতিশোধমূলক হামলায় ওমানে অবস্থিত দূরপাল্লার আকাশ রাডার ও জাহাজ শনাক্তকরণ রাডার ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।ওমানের পাশাপাশি বাহরাইনের জুফায়েরে মার্কিন সেনাবাহিনীর অবকাঠামোতেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।

ইরানি বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ওমানের ভূখণ্ডে থাকা দূরপাল্লার আকাশ রাডার এবং জাহাজ শনাক্তকরণ রাডার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। তাদের দাবি, এই হামলায় রাডারগুলো অকেজো হয়ে গেছে। এছাড়া বাহরাইনের সামরিক স্থাপনাগুলোও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

ইরানি বিপ্লবী গার্ড বাহিনী সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালিকে জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রাখার একমাত্র উপায় হলো এই জলপথে মার্কিন সামরিক বাহিনীর আগ্রাসী হস্তক্ষেপ বন্ধ করা। তারা উপকূলীয় জলসীমার সার্বভৌমত্বকে সম্মান জানানোর আহ্বান জানিয়েছে।

ইরান আরও জানিয়েছে, হরমুজে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ অব্যাহত থাকলে বিশ্বের তেল ও গ্যাস খাতে আরও বড় ধরনের সংকট দেখা দিতে পারে। পাল্টাপাল্টি এই হামলার ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

নতুন করে এই উত্তেজনার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামেও অস্থিরতা দেখা দিয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘস্থায়ী হলে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়তে পারে এবং যার নেতিবাচক প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে। ওমান ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে এই হামলার পর পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা।