জুলাই ২২, ২০২৬, ১০:৩৯ এএম
শিক্ষার্থীদের চলমান আন্দোলন ও পুলিশি অভিযানের প্রতিক্রিয়ায় ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে সুনির্দিষ্ট পাঁচটি দাবি উত্থাপন করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার নয়াদিল্লিতে ছাত্র আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে এই দাবিগুলো জানানো হয়।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হওয়ার পর বিরোধী শিবিরের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ চলাকালে শীর্ষ নেতাদের আটক করা হয়।
এর আগে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভে অংশ নেওয়ার সময় রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাসহ দলের বেশ কয়েকজন শীর্ষ নেতাকে দিল্লি পুলিশ সাময়িক সময়ের জন্য আটক করে। পরে রাতে তাদের মুক্তি দেওয়া হয়। মুক্তি পাওয়ার ঠিক আগে প্রকাশিত এক ভিডিও বার্তায় রাহুল গান্ধী সরকারের কাছে পাঁচটি প্রধান দাবি তুলে ধরেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং ছাত্রদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার।
এছাড়া ছাত্র আন্দোলনে পুলিশি অভিযানের জন্য প্রধানমন্ত্রীর প্রকাশ্য ক্ষমা প্রার্থনা, সংসদের উভয় কক্ষে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা এবং দ্রুত শিক্ষাব্যবস্থা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার সংস্কার দাবি করেছেন তিনি। এদিকে রাহুল গান্ধীর এই পাঁচ দফা দাবির সমর্থনে বিরোধী জোটের দলগুলো সংসদের উভয় কক্ষে সরব হওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন