জুলাই ২৫, ২০২৬, ১২:২৩ পিএম
দিল্লিতে চলমান ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করতে এবং আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে রাজধানী দিল্লি যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আগামী সোমবার তিনি দিল্লি সফরে যাবেন।সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় তৃণমূল নেত্রী জানান, শুরু থেকেই তিনি শিক্ষার্থীদের এই ন্যায়সঙ্গত আন্দোলনের পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন।
এই লড়াই কেবল কোনো নির্দিষ্ট পরীক্ষার অনিয়মের বিরুদ্ধে নয়, বরং দেশের প্রতিটি তরুণের ভবিষ্যৎ সুরক্ষিত করার লড়াই বলে উল্লেখ করেন তিনি। বিরোধী শিবির এবং দেশের সাধারণ মানুষ শিক্ষার্থী ও তরুণ সমাজের এই দাবির সঙ্গে সংহতি প্রকাশ করছে বলে জানান এই রাজনৈতিক নেতা।দিল্লিতে চলমান এই ছাত্র আন্দোলন সাম্প্রতিক সময়ের অন্যতম বড় শিক্ষার্থী বিক্ষোভে রূপ নিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মমতার এই দিল্লি সফর জাতীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের সক্রিয় ভূমিকা নতুন করে তুলে ধরতে সহায়তা করবে। বিশেষ করে সাম্প্রতিক কিছু রাজনৈতিক পরিস্থিতিতে দলটির অবস্থান জোরালো করার ক্ষেত্রে এই পদক্ষেপ বিশেষ তাৎপর্য বহন করছে।এর আগে দিল্লির বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শিক্ষার্থীদের ওপর পুলিশের শক্তিপ্রয়োগ ও আটকের প্রতিবাদে কর্মসূচি পালন করেছেন। কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতারাও এই বিক্ষোভে সংহতি জানিয়েছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন