জুলাই ২৮, ২০২৬, ০৩:১০ পিএম
জাপানের দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, এই ভূমিকম্পের প্রধান কেন্দ্র ছিল কুমামতো প্রিফেকচার অঞ্চলে। তীব্র এই ভূকম্পনের পর সম্ভাব্য এক মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় উপকূলীয় এলাকায় তাৎক্ষণিকভাবে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপকূলের বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার এবং সমস্ত নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে।জরুরি পরিস্থিতির অংশ হিসেবে দেশটির বেশ কয়েকটি অঞ্চলে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।জাপান সরকারের পক্ষ থেকে কিউশু দ্বীপের কুমামতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা এবং মিয়াজাকি প্রিফেকচারের জন্য জরুরি ভূমিকম্প সতর্কতা ঘোষণা করা হয়েছে।
এই প্রাকৃতিক দুর্যোগের পর তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো হতাহত কিংবা ব্যাপক ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসন ও জরুরি সেবা দলগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।ভূমিকম্পের পর সম্ভাব্য পরাঘাত বা আফটারশক হতে পারে বলে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
তথ্যসূত্র: রয়টার্স

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন