রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, ১৩ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ২, ২০২৬, ১০:১৯ এএম

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, ১৩ জনের প্রাণহানি

ছবি : সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে পর্যটকদের বহনকারী একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা তেরো জনের সবাই নিহত হয়েছেন। দেশটির ঐতিহাসিক নাজকা লাইনস পরিদর্শনের উদ্দেশ্যে উড্ডয়নের পর বিমানটি দুর্ঘটনার শিকার হয়। পেরুর পুলিশ জানিয়েছে, বিমানটিতে এগারো জন যাত্রী ও দুজন ক্রু সদস্য ছিলেন।সবাই প্রাণ হারিয়েছেন।

দুর্ঘটনাস্থলে উপস্থিত পুলিশের এক কর্মকর্তা জানান, প্রাপ্ত তথ্য অনুযায়ী বিমানটির যাত্রীদের কেউ বেঁচে নেই। বিমানটি ইকা বিভাগের পিসকো শহর থেকে যাত্রা শুরু করেছিল এবং দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

পর্যটননির্ভর দেশ হিসেবে পেরু বিশ্বের বিভিন্ন প্রান্তের ভ্রমণপিপাসুদের কাছে অত্যন্ত জনপ্রিয়। দেশটির দক্ষিণাঞ্চলের উপকূলীয় মরুভূমিতে অবস্থিত নাজকা লাইনস বিশ্বের অন্যতম বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যা দেখতে প্রতিদিন বহু পর্যটক আকাশপথে ভ্রমণ করেন।