রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

গ্রিসের উপকূলে দুই শতাধিক অবৈধ অভিবাসী উদ্ধার, বেশিরভাগই বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ৮, ২০২৬, ১০:১১ এএম

গ্রিসের উপকূলে দুই শতাধিক অবৈধ অভিবাসী উদ্ধার, বেশিরভাগই বাংলাদেশি

ছবি : সংগৃহীত

গ্রিসের উপকূলীয় এলাকায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই শতাধিক অবৈধ অভিবাসীকে নিরাপদে উদ্ধার করেছে দেশটির কোস্ট গার্ড। ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় লিবিয়া থেকে ছেড়ে আসা একের পর এক নৌকার ওপর নজরদারি চালিয়ে এই অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত অভিবাসীদের বেশিরভাগই বাংলাদেশ এবং সুদানের নাগরিক বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে ক্রিট দ্বীপে এই দুই শতাধিক অভিবাসী এসে পৌঁছান।

গ্রিক সংবাদমাধ্যমের বরাতে প্রাপ্ত তথ্যে জানা যায় যে ইউরোপীয় সীমান্ত রক্ষাকারী সংস্থার একটি বিমান ক্রিটের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আইয়েরাপেত্রা এলাকায় প্রথম একটি অভিবাসীবাহী নৌকার সন্ধান পায়। পরবর্তীতে কোস্ট গার্ড ও একটি মাছ ধরার ট্রলারের যৌথ অভিযানে ৪০ জন অভিবাসীকে উদ্ধার করে বন্দরে নিয়ে যাওয়া হয়। এর মাত্র কয়েক ঘণ্টা আগে পরিচালিত পৃথক দুটি অভিযানে আরও এক শতাধিক অভিবাসীকে উদ্ধার করা হয়, যার একটি বড় অংশে ছিলেন বাংলাদেশি ও সুদানের নাগরিকরা।

ক্রিট দ্বীপে ক্রমাগত অবৈধ অভিবাসীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সেখানকার অস্থায়ী অভ্যর্থনা ও আবাসন কেন্দ্রগুলোতে চাপ তৈরি হয়েছে। উদ্ধারকৃত সবাইকে বর্তমানে হেরাক্লিয়ন বন্দরের একটি সাময়িক আবাসনকেন্দ্রে স্থানান্তর করা হয়েছে এবং তাদের পরিচয় যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া চলছে। ইউরোপের বিভিন্ন দেশে অবৈধ পথে প্রবেশের এই প্রবণতা রোধে সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষ কঠোর নজরদারি বজায় রেখেছে।

সাম্প্রতিক সময়ে উত্তর আফ্রিকা থেকে গ্রিস অভিমুখে সমুদ্রপথে অভিবাসী প্রত্যাশীদের চলাচল উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক এই অভিবাসন সংকটের কারণে ভূমধ্যসাগরীয় দেশগুলোর কোস্ট গার্ড ও সীমান্তরক্ষী বাহিনীগুলোর তৎপরতাও জোরদার করা হয়েছে।