অক্টোবর ৪, ২০২৬, ০৫:০৯ পিএম
প্রেমের ফাঁদে ফেলে ভারতীয় নৌবাহিনীর এক সেনার কাছ থেকে স্পর্শকাতর তথ্য হাতিয়ে নিয়েছেন পাকিস্তানের এক নারী গোয়েন্দা। এই ঘটনায় অভিযুক্ত ওই নৌসেনাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার তামিলনাড়ুর কোয়েম্বাটুরের নৌ প্রশিক্ষণ কেন্দ্র আইএনএস অগ্রণী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অন্ধ্রপ্রদেশ পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট এই অভিযান চালায়। গ্রেপ্তারকৃত ওই সেনার নাম প্রদীপ মুখার্জি। ৩১ বছর বয়সী প্রদীপের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গে। তিনি ২০১৪ সালে নৌবাহিনীতে যোগ দিয়েছিলেন। এক সপ্তাহ আগে তিনি ওই প্রশিক্ষণ কেন্দ্রে গিয়েছিলেন বলে জানা গেছে।
প্রদীপ ভারতের ইস্টার্ন নেভাল কমান্ডে একজন নাবিক হিসেবে মোতায়েন ছিলেন। এটি বিশাখাপত্তমভিত্তিক একটি কমান্ড।
কয়েক মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রদীপের সঙ্গে যোগাযোগ করেন ওই পাকিস্তানি নারী গোয়েন্দা। এরপর ধীরে ধীরে তার সঙ্গে সখ্য গড়ে তোলেন তিনি। প্রেমের অভিনয় করে তিনি এই সেনাকে ফাঁদে ফেলেন।
এরপরই শুরু হয় তথ্য পাচার।
বিশাখাপত্তম নৌঘাঁটির গুরুত্বপূর্ণ অবকাঠামোর তথ্য, নৌবহর চলাচলের তথ্য এবং অন্যান্য স্পর্শকাতর সামরিক তথ্য ওই নারীর হাতে তুলে দেন প্রদীপ।
প্রদীপের কাছ থেকে ঠিক কী পরিমাণ ও কতটা গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে, তা জানতে বিস্তারিত তদন্ত চলছে। এছাড়া ওই নারী গোয়েন্দা প্রদীপকে কোনো অর্থ দিয়েছিলেন কি না, পুলিশ এখন সেটিও খতিয়ে দেখছে।
তথ্যসূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া ও টাইমস অব ইন্ডিয়া

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন