সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ফ্রিডম ফ্লোটিলার সবশেষ অবস্থান নিয়ে যা জানালেন শহিদুল আলম

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৫, ২০২৫, ০৩:১৬ পিএম

ফ্রিডম ফ্লোটিলার সবশেষ অবস্থান নিয়ে যা জানালেন শহিদুল আলম

ছবি - সংগৃহীত

গাজা অভিমুখে যাত্রা করা ‘ফ্রিডম ফ্লোটিলা’র নৌবহর থেকে নিজের ও নৌযানের সবশেষ অবস্থান জানিয়েছেন বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। আজ রোববার দুপুর ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি জানান, তাদের গন্তব্যে পৌঁছানোর বিষয়টি এখন পুরোপুরি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রতিক্রিয়ার ওপর নির্ভরশীল।

শহিদুল আলম তার পোস্টে জানান, ‘কনশানস’ ও ‘থাউজেন্ড ম্যাডলিনস’—উভয় নৌবহরের যাত্রাপথ ‘ফরেনসিক আর্কিটেকচার’ নামের একটি ওয়েবসাইটের ট্র্যাকিং ব্যবস্থার মাধ্যমে অনুসরণ করা সম্ভব। তিনি বর্তমানে ‘কনশানস’ নামক নৌযানে রয়েছেন, যা এই বহরের সবচেয়ে বড় জাহাজ এবং ইতালির বন্দর থেকে সবার শেষে যাত্রা শুরু করলেও দ্রুতগতির কারণে অন্য নৌযানগুলোকে ছুঁয়ে ফেলেছে।

গাজায় পৌঁছাতে কত সময় লাগবে, এমন প্রশ্নের উত্তরে তিনি লিখেছেন, এর উত্তর নির্ভর করছে আইডিএফ কীভাবে প্রতিক্রিয়া দেখায় তার ওপর। অতীতের ঘটনার উল্লেখ করে তিনি আশঙ্কা প্রকাশ করেন, “তারা আমাদের যেতে দেবে না। আটক করা হতে পারে। এরপর আমাদের ফেরত পাঠানো হতে পারে, নয়তো কারাগারে পাঠানো হতে পারে।”

এই পরিস্থিতিতে শহিদুল আলম বিশ্ববাসীর প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, “যদি আপনারা এমন পদক্ষেপ নিতে পারেন, যা আমাদের গাজায় পৌঁছানোর জন্য চাপ তৈরি করে, তবে সেটাই হবে সর্বোত্তম ফলাফল। একমাত্র উপায় হলো, ইসরায়েলের ওপর সাধারণ মানুষের পর্যাপ্ত চাপপ্রয়োগ। কাজেই, এবার আপনাদের সুযোগ, পদক্ষেপ নিন। এক হোন, প্রতিরোধ করুন।”

উল্লেখ্য, ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) নামের আন্তর্জাতিক জোটটি ইসরায়েলি অবরোধ ভেঙে গাজায় ত্রাণ পৌঁছানোর এই প্রচেষ্টা চালিয়ে আসছে। গত দুই বছর ধরে ইসরায়েল বিদেশি সাংবাদিকদের গাজায় প্রবেশে বাধা দিচ্ছে এবং ফিলিস্তিনি সাংবাদিকদের ওপর হামলা চালাচ্ছে, যেখানে এখন পর্যন্ত ২৭০ জনের বেশি সাংবাদিক নিহত হয়েছেন।