অক্টোবর ৬, ২০২৫, ০৭:৫৩ পিএম
বিশ্বের মুসলিমদের জন্য ওমরাহ পালনের প্রক্রিয়া আরও সহজ ও সুলভ করার লক্ষ্যে একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব সরকার। এখন থেকে যেকোনো ধরনের ভিসাধারী ব্যক্তিই সৌদি আরবে ওমরাহ পালন করতে পারবেন। রোববার (৫ অক্টোবর) দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এই সুখবর জানিয়েছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ব্যক্তিগত ও পারিবারিক ভিজিট ভিসা, ই-ট্যুরিস্ট ভিসা, ট্রানজিট ভিসা, এমনকি কাজের ভিসাসহ সব ধরনের ভিসাধারীরাই এই নতুন সুবিধার আওতায় আসবেন। ‘সৌদি ভিশন ২০৩০’-এর আওতায় ধর্মীয় পর্যটন খাতকে সম্প্রসারণ এবং তীর্থযাত্রীদের উন্নত সেবা প্রদানের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এই উদ্যোগের ফলে এখন থেকে ওমরাহ পালনের জন্য আলাদাভাবে বিশেষ ভিসার প্রয়োজন হবে না, যা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মুসলমানের জন্য ওমরাহ পালনকে আরও সহজলভ্য করে তুলবে।ওমরাহ পালনের প্রক্রিয়াকে আরও আধুনিক করতে ‘নুসুক ওমরাহ’ নামে একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্মও চালু করা হয়েছে।
এই প্ল্যাটফর্ম ব্যবহার করে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে মুসলমানরা সরাসরি ওমরাহর প্যাকেজ নির্বাচন, অনুমতি গ্রহণ এবং নিজেদের পছন্দমতো সময়সূচি নির্ধারণসহ অন্যান্য সেবা সহজেই বুক করতে পারবেন। মন্ত্রণালয় জানিয়েছে, পবিত্র দুই মসজিদের খাদেম ও যুবরাজের নির্দেশনায় গৃহীত এই উদ্যোগের লক্ষ্য হলো, মুসলমানরা যেন নিরাপদ ও আধ্যাত্মিক পরিবেশে উচ্চমানের সেবা পেয়ে তাদের ওমরাহের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে পারেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন