বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ট্রাম্পের প্রস্তাবে হামাসের সম্মতি, তবুও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৬, ২০২৫, ০৮:১২ পিএম

ট্রাম্পের প্রস্তাবে হামাসের সম্মতি, তবুও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত

ছবি - সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া শান্তি প্রস্তাবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস শর্তসাপেক্ষে সম্মতি জানালেও থামেনি ইসরায়েলি বাহিনীর আগ্রাসন। শান্তি আলোচনা শুরুর পর গত শুক্রবার থেকে সোমবার পর্যন্ত তিন দিনে ইসরায়েলি বিমান ও আর্টিলারি হামলায় ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার সকালে মিশরের কায়রোতে যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও, এদিন সকালেও গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, গত দুই দিনে আবাসিক এলাকা, শরণার্থী শিবির এবং ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোকে লক্ষ্য করে ১৩১টি বিমান ও কামান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, যাতে অন্তত ৯৪ জন নিহত হন।

এই বর্বরোচিত হামলায় গাজায় মোট মৃতের সংখ্যা ৬৭ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) জানিয়েছে, এই যুদ্ধে এখন পর্যন্ত ২০ হাজারের বেশি শিশুর মৃত্যু হয়েছে এবং ৪২ হাজারের বেশি শিশু আহত হয়েছে, যাদের মধ্যে অন্তত ২১ হাজার শিশু স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছে।

হামাস ট্রাম্পের প্রস্তাবে নীতিগতভাবে সম্মতি দিলেও তাদের সম্পূর্ণ নিরস্ত্রীকরণ এবং গাজার ভবিষ্যৎ শাসনব্যবস্থায় তাদের ভূমিকা নিয়ে মতপার্থক্য থাকায় চূড়ান্ত চুক্তি এখনো সম্ভব হয়নি। এর মধ্যেই ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় শান্তি প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।