অক্টোবর ৮, ২০২৫, ১১:১৪ এএম
ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা মানবিক ত্রাণবাহী নৌবহর ‘ফ্রিডম ফ্লোটিলা’র একটি জাহাজে হামলা চালিয়ে তা আটক করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ‘দ্য কনসায়েন্স’ নামের ওই জাহাজটিতে ছিলেন বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলমসহ ৯৩ জন আন্তর্জাতিক সাংবাদিক, চিকিৎসক ও অধিকারকর্মী।বুধবার (৮ অক্টোবর) সকালে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন ও আল জাজিরা এই খবর নিশ্চিত করেছে।
ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় থাকা অবস্থায় ইসরায়েলি নৌ-কমান্ডোরা তাদের ‘দ্য কনসায়েন্স’ জাহাজে হামলা করে এবং এর নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এ সময় বহরে থাকা আরও তিনটি ছোট নৌকাও আটক করা হয়। এই ঘটনাকে তারা ‘রাষ্ট্রীয় জলদস্যুতা’ বলে অভিহিত করেছে।এদিকে, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে।
মন্ত্রণালয় জানিয়েছে, “গাজার আইনসম্মত নৌ-অবরোধ লঙ্ঘনের আরেকটি প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।” তারা আরও জানায়, জাহাজ এবং এর সকল যাত্রীকে নিরাপদে একটি ইসরায়েলি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে এবং সকল যাত্রী সুস্থ আছেন। আটককৃতদের দ্রুত নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে বলেও আশা প্রকাশ করেছে তারা।উল্লেখ্য, কয়েক দিন আগেই ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামের আরেকটি ত্রাণবহর একইভাবে আটক করেছিল ইসরায়েল। সেই ঘটনার পরও ঝুঁকি নিয়ে গাজার উদ্দেশে যাত্রা অব্যাহত রেখেছিল শহিদুল আলমদের এই নৌবহরটি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন