সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

আটকের আগে কী বার্তা দিলেন শহিদুল আলম?

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৮, ২০২৫, ১১:২৩ এএম

আটকের আগে কী বার্তা দিলেন শহিদুল আলম?

ছবি - সংগৃহীত

গাজাগামী ত্রাণবহর ‘ফ্রিডম ফ্লোটিলা’ থেকে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়ার ঠিক আগ মুহূর্তে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী, লেখক ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। বুধবার (৮ অক্টোবর) সকালে তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ২৫ সেকেন্ডের ওই ভিডিওতে তিনি তাকে অপহরণ করা হয়েছে বলে জানান।

ভিডিও বার্তায় শহিদুল আলম বলেন, “আমি শহিদুল আলম, বাংলাদেশের একজন ফটোগ্রাফার ও লেখক। আপনারা যদি এই ভিডিওটি দেখে থাকেন, তার মানে আমাদের সমুদ্রে আটকে দেওয়া হয়েছে এবং আমাকে অপহরণ করেছে ইসরায়েলের দখলদার বাহিনী।”

তিনি আরও বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা ও সহায়তায় ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে।”বার্তার শেষে ফিলিস্তিনের মুক্তির সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমি আমার সকল সহযোদ্ধা ও বন্ধুদের প্রতি আহ্বান জানাচ্ছি, ফিলিস্তিনের স্বাধীনতার জন্য সংগ্রাম চালিয়ে যান।”

এর আগে মঙ্গলবার রাতেই ভুলবশত তার আটকের একটি বার্তা ফেসবুকে প্রকাশিত হলেও কিছুক্ষণের মধ্যেই তা সরিয়ে নিয়ে তিনি নিরাপদ আছেন বলে জানানো হয়েছিল। কিন্তু আজ সকালে তার জাহাজটি ইসরায়েলি বাহিনীর রেড জোনে প্রবেশ করার পর এই চূড়ান্ত ভিডিও বার্তাটি প্রকাশ করা হয় এবং তার আটকের খবর নিশ্চিত হয়।