অক্টোবর ১০, ২০২৫, ১০:০১ এএম
ইসরায়েলের কারাগারে আটক বিশ্ববরেণ্য বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলমকে মুক্ত করতে বন্ধুপ্রতিম রাষ্ট্র তুরস্কের সক্রিয় সহায়তা চেয়েছে বাংলাদেশ সরকার। তাকে মুক্ত করে বিশেষ বিমানে তুরস্কের রাজধানী আঙ্কারায় নিয়ে আসার একটি সম্ভাবনা তৈরি হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে।শুক্রবার (১০ অক্টোবর) সকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক জানিয়েছেন, তুরস্কের কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কাজ করছে এবং তারা আশা প্রকাশ করেছে যে, আজই শহিদুল আলমকে বিশেষ বিমানে আঙ্কারায় নিয়ে আসা সম্ভব হতে পারে। তবে, এ বিষয়ে তুর্কি কর্তৃপক্ষ শতভাগ নিশ্চয়তা দিতে পারেনি বলেও জানানো হয়।
এর আগে, শহিদুল আলম ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়ার পরপরই বাংলাদেশ সরকার জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে নিজ নিজ দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে তার মুক্তির জন্য দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশনা দেয়। দূতাবাসগুলো শহিদুল আলমের নিরাপত্তা ও মুক্তির বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৮ অক্টোবর গাজা অভিমুখী মানবিক ত্রাণবহর ‘ফ্রিডম ফ্লোটিলা’ থেকে শহিদুল আলমসহ ৯৩ জন আন্তর্জাতিক কর্মীকে আটক করে ইসরায়েলি বাহিনী। বর্তমানে তাকে ইসরায়েলের একটি কারাগারে রাখা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন