নভেম্বর ১৪, ২০২৫, ১০:৫৮ এএম
চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর নিয়ে এসেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অধীনস্থ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সম্প্রতি জনবল নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ১২ নভেম্বর প্রকাশিত এই বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি ১৩ থেকে ২০তম গ্রেডে মোট পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে ২৬ জন কর্মী নিয়োগ দেবে।
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১৬ নভেম্বর সকাল ১০টা থেকে এবং চলবে ৬ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত।
নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদগুলোর মধ্যে কম্পিউটার অপারেটর পদে একজনকে নিয়োগ দেওয়া হবে এবং এই পদের বেতন গ্রেড ১৩।
এছাড়া সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে আটজন জনবল নেওয়া হবে যাদের বেতন স্কেল ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা। তৃতীয় ক্যাটাগরিতে ক্যাশিয়ার পদে একজনকে নিয়োগ দেওয়া হবে যা ১৪তম গ্রেডের অন্তর্ভুক্ত। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে তিনজনকে নিয়োগ দেওয়া হবে এবং তাদের বেতন গ্রেড ১৬। সবশেষ ২০তম গ্রেডে অফিস সহায়ক পদে সর্বোচ্চ ১৩ জনকে নিয়োগ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই এসব পদে আবেদন করতে পারবেন।
আবেদনকারীদের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১৮ থেকে ৩২ বছর। প্রার্থীদের বয়স ১ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে এই সীমার অন্তর্ভুক্ত হতে হবে। তবে সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য রাখা হয়েছে। নির্বাচিত প্রার্থীরা দেশের যেকোনো স্থানে কাজ করার জন্য প্রস্তুত থাকতে হবে এবং চাকরিটি পূর্ণকালীন বা স্থায়ী প্রকৃতির হবে।
আগ্রহী প্রার্থীদের টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। ১ থেকে ৪ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা এবং ৫ নম্বর পদের জন্য ৫৬ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। অনলাইনে ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে এই ফি জমা দিতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য চাকরিপ্রত্যাশীদের আহ্বান জানানো হয়েছে। সরকারি চাকরিতে যোগ দিয়ে ক্যারিয়ার গড়তে ইচ্ছুকদের জন্য এটি একটি ভালো সুযোগ হতে পারে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন