বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

শেখ হাসিনার বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন আজ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৪, ২০২৫, ১১:১১ এএম

শেখ হাসিনার বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন আজ

ছবি - সংগৃহীত

২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আজ মঙ্গলবার তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তার যুক্তি তুলে ধরছেন।

এর আগে, গত দুই দিনের শুনানিতে রাষ্ট্রপক্ষ জুলাই অভ্যুত্থানে সংঘটিত বিভিন্ন হত্যাকাণ্ডের স্থান, ঘটনার বিবরণ এবং এতে অভিযুক্তদের জড়িত থাকার বিষয়ে বিভিন্ন দালিলিক প্রমাণ উপস্থাপন করে। চিফ প্রসিকিউটর তার যুক্তিতর্কে শেখ হাসিনার শাসনকালকে ১৯৭২ সালের বাকশালী দুঃশাসনের সঙ্গে তুলনা করেন এবং পিলখানা হত্যাকাণ্ড, গুম ও ক্রসফায়ারের মতো ঘটনার মাধ্যমে দেশকে একটি ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করার অভিযোগ আনেন।

শুনানির দ্বিতীয় দিনে, গতকাল সোমবার, রাষ্ট্রপক্ষ আদালতে একটি নতুন ফোনালাপ উপস্থাপন করে, যেখানে আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর জন্য শেখ হাসিনা সরাসরি নির্দেশ দিয়েছিলেন বলে দাবি করা হয়।এই মামলায় মোট ৫৪ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন, যারা সকলেই অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষে আসামিপক্ষের আইনজীবীরা তাদের যুক্তি তুলে ধরবেন।

এদিকে, জুলাই অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে হাজির করার কথা রয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আজ শুনানি অনুষ্ঠিত হবে।