নভেম্বর ২২, ২০২৫, ০১:২৩ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
শনিবার (২২ নভেম্বর) সকালে রাজধানীর হোটেল লেকশোর হাইটসে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন আয়োজিত এক কর্মশালায় তিনি এই তথ্য জানান।
মোহাম্মদ সানাউল্লাহ বলেন, একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বর্তমান কমিশন পুরোপুরি প্রস্তুত। তবে এই প্রস্তুতির মধ্যেও কিছু চ্যালেঞ্জ রয়েছে।
আগামী জাতীয় নির্বাচনে সামাজিক যোগাযোগমাধ্যমে অপতৎপরতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর অপব্যবহার ঠেকাতে নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।তিনি এই নির্বাচনকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন, "ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে একটি ঐতিহাসিক নির্বাচন, যার মাধ্যমে গণতন্ত্রের পুনঃসূচনা হবে।
আসন্ন নির্বাচন আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। ইসি সানাউল্লাহ জানান, রেকর্ডসংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক এই ঐতিহাসিক নির্বাচনের অংশীদার হতে চান এবং তারা এতে অংশ নেওয়ার কথা উল্লেখ করেছেন।নির্বাচনের সময়সূচি সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের জন্য প্রায় ৬০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। যদিও নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি, তবে কমিশনের পূর্বাভাস অনুযায়ী ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল প্রকাশ করা হতে পারে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন